Salma's Poems

বিষন্ন/প্রসন্ন ইতিহাসের পাঠ

অন্যায় অবিচারে যখন দেশ ছেয়ে গেলো
এবং নানা ধরনের জুলুম নির্যাতন যখন হয়ে উঠলো নিত্যদিনের রুচি
ঠিক তখনই “কি পাবো কাল?” সেই কথা বিবেচনা না করে তরতাজা যুবকেরা এক সতীর্থ কুকুর নিয়ে জনপদ ছেড়ে বেরিয়ে এসেছিলেন
যেতে যেতে আশ্রয় নিয়েছিলেন দুর্গম গুহায়
সূর্য যার দরোজা কখনো স্পর্শ করেনি
উদয়ের সময় সে হেলে যেতো ডানে
অস্তের সময় বামে
এক সুদীর্ঘ ঘুম তাদের আচ্ছন্ন করে রাখলো শত শত বছর…

এইরকম গল্পের প্রহর ছিলো সেদিন মনে আছে? নীলা?
মনে আছে গভীর শীতে জড়ানো শাল
এক প্রস্থ নীলাকাশ অনেকগুলো বেঞ্চ টেবিল
আর দেয়াল জুড়ে সাদা বোর্ড কয়েকটি সুগন্ধি মার্কার

আমার হৃদয় ছিলো উদ্বেলিত
চোখে অশ্রু
একটা কি এক অদ্ভুত আত্মিক শক্তির উদ্দীপনায়
আমি আমরা হয়ে উঠেছিলাম একটা পরশ পাথর।

কিন্তু…

একটি ক্ষুধার্ত স্বৈরাচারী বাঘ এসে আমাদের সেসব দিন কেমন করে যেন অচিরেই খেয়ে নিল
স্লাইমের মতো একটু একটু করে অন্যায় অবিচার করার তীব্র আকাঙ্ক্ষা দুর্নিবার লোভ আমাদের হৃদয় ছেয়ে নিলো
আমরা ভুলে গেলাম
অন্যায়ের দিন গুহাবাসী হতে হয়
পালিয়ে যেতে হয় জনপদ হতে
বেছে নিতে হয় কৃচ্ছতা সাধন আর জৌলুসহীন পৃথিবী

নীলা চোখ মোছ প্লীজ
রঙবদলের খেলায় বার বার রঙিন হয়ে ওঠা
সেই শহরটার জন্য
সেই জনপদে লোভ হিংসা আর দুর্নীতিভরা ছায়াদের জন্য কেঁদো না।

আজ বড্ড কঠিন সময়।

আজ অনেক ভালো বাবারা শত শত ছাত্র-জনতার খুনী
আজ অনেক ভালো ভাইয়েরা লুটেরা আর অসৎ
আজ অনেক ভালো শিক্ষকেরা দখলদারদের দোসর
আজ অনেক ভালো নেতাদের হাতে সম্পদের পাহাড়
আজ অনেক ভালো সৈনিকের হাতে আয়না ঘরের চাবি

এইসব ভালো দিয়ে তুমি কি করবে
যার জায়গা শুধুই তোমার জন্য
এই সব ভালো দিয়ে তুমি কি করবে
যেই ভালো শুধু আমি আমি আর আমিময়?
এই সব ভালো দিয়ে তুমি কি করবে
যেখানে অন্যের মাংস খেয়ে প্রতিদিন বেড়ে ওঠে একদল মুনাফিক
খাবলে খুলবে খায় প্রতিদিনের স্বস্তি?

চেয়ে দেখো নীলা
আকাশটা আজ বড্ড রঙধনুময়
কয়েকটি পাখি খেলা করছে লালঝুটিওয়ালা মোরগের মাথায়
সমুদ্রের ঢেউ একটার পর একটা না-বিভাজনের
আলাপ তুলছে
মোবাইলে ভেসে উঠছে লাইকের নোটিফিকেশন

জীবন সুন্দর
সুন্দর রাঢ় থেকে বাংলা থেকে চীন থেকে ফিলিস্তিন
সুন্দর হিউয়েন সাঙের মতো পৃথিবী পাঠ
আর যেতে যেতে দেখা
সময়ে সময়ে মানুষের ন্যায়বোধের চর্চা
এমন ন্যায় বোধ
যেখানে ন্যায় মানেই আমি তুমি সে, আমরা সবাই…

আমরাময়তা উইদাউট দি আদার।

উম্মে সালমা
২২/১০/২০২৪, টুঅং

1 thought on “বিষন্ন/প্রসন্ন ইতিহাসের পাঠ”

Leave a comment