Salma's Poems

দি পার্সোনাল ইজ পলিটিক্যাল


একটা দিন
নেপথ্যে এসেছিল
চকবাজারের অন্ধ গলিটায়
মজলুম আমাকে দুমড়েমুচড়ে ছুড়ে মেরেছিল তারা
সেই দালানটার সিঁড়ি তে
অতর্কিতে
আমি দৌড়াতে দৌড়াতে দৌড়াতে
ষোল শহরের ট্রেন ধরেছিলাম
আর বাঁধভাঙা কেঁদেছিলাম।

বাদাম ওয়ালা মামা বলেছিলো
ক্যান কান্দেন?
ফোনের ওপারে জামাই উৎকণ্ঠিত স্বরে বলেছিলো
কি হয়েছে? কন্ঠ এমন কেন?
প্রতিদিনের সহযাত্রী কাঁধে হাত রেখে বলেছিলো,
আজ দিনটা তোমার অন্যরকম।

এরপর থেকে কত রাত আমি ঘুমাতে পারিনি
জুলুমের প্রতিটি শব্দ মিথ্যের প্রতিটি বুলেট
আমাকে আমার ভেতরটা কুরে কুরে যেতো
কোন ওষুধ কোন সিরাপে আমার ব্যথা যন্ত্রণা
সারাতো না।
আমি লম্বা লম্বা পা ফেলে তাদের ছায়া এড়িয়ে যেতাম

আর জায়নামাজে পড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতাম,
প্রভু, তুমি আমাকে এত নীচ কেন বানালে
আমি অপমান দুঃখ কষ্ট ভুলতে পারিনা?
প্রভু, কেন আমাকে একটা মেয়ে মানুষ বানালে
যার মাথার ওপরে দুটো মাথা ছোবলাছুবলি করে
কে কত নতজানু নিপীড়িত করতে পারে আমাকে?
প্রভু, কেন তুমি আমাকে এত মায়া দিলে
যা করি যা যা করি যা যা কাজ করি তার জন্য?

রুপালী রাতে নক্ষত্র ঝরে যায়
বহদ্দারহাটের সদরে বাদুড়ের মতো
ঝুলতে থাকে শূন্যতা
আর বাড়তে থাকে মজলুমের সংখ্যা
কান্নার রোল
একদিন প্রতিবাদের ঝড় উঠবে বলে।
একদিন জুলুমের বিচার হবে বলে।

উম্মে সালমা
৭/১২/২০২৪

Salma's Poems

যখন ফানুস ফুটে যায়

বিপরীত চেনা যায়
কালো/সাদা, আলো/অন্ধকার
বিরোধ চেনা যায়
ঘৃণা দুরত্ব অবহেলা
রাজনীতি চেনা যায়
তর্ক বিতর্ক পছন্দ অপছন্দ

কিন্তু মুনাফিক? মুখে মধু অন্তরে বিষ?
কিভাবে চেনা যায়
কিভাবে বোঝা যায়
চকচকে খোলসের ভেতর এক গাঢ় অন্ধকার?
এই একবাটি সততার সাথে এক টেবিল চামচ লোভ?
অথবা একবাটি লোভের সাথে এক চামচ সততা
এক চামচ মিথ্যা এক চিমটি মানবতা এক খন্ড চাটুকারিতা কয়েকটি ষড়যন্ত্র?
দেখতে খুব সুস্বাদু খুব ইয়ামি আর খেতে ইয়াক?

জীবনের চলন্ত ট্রেনে
তুমি এসব প্রশ্নে
কি নিদারুন চুপচাপ থাকলে বহুদিন
তুমি এসব প্রশ্নে
সময়ের অপচয় বলে জানান দিলে অগুনতি সময়

যতক্ষণ না
এক ধূলোউড়া দিনে
আমি ঘরে ফিরলাম
ক্ষতবিক্ষত পিঠ আর রক্তাক্ত কষ্টার্ত হৃদয় নিয়ে
আর তোমার হাতে সোপর্দ করলাম
আমার অজ্ঞানতার অন্ধকার!

“জানি আমি জানি জানি চোরাবালি কতখানি…”

উম্মে সালমা
৮/০৭/২০২৪

Salma's Poems

মধ্যরাতের ব্রিসবেন নদীটির তীরে

চুপচাপ বসে থাকি অন্ধকারে ব্রিজবেন নদীটার কাছে
চুপচাপ শুনি শুধু জলের শব্দ
সর সর সর সর
এ জীবনের কলরব
এ জীবনের লেনা দেনা ব্যাথার উৎসব
কবে হবে শেষ?
শান্ত অশেষ?
কবে আমি পাড়ি দেবো অসীমের পথে
হাতে নিয়ে ভরপুর কিছু
যেন সে না ফেরায় আমারে খুব ভালোবেসে।

চুপচাপ বসে থাকি ব্রিসবেন নদীটির পাশে
এখন মধ্য রাত
জীবনানন্দের পঞ্চমীর চাঁদ নেই মাথার উপরে
অসংখ্য তারারা শুধু জ্বল জ্বল করে
অসংখ্য নক্ষত্র শুধু একা একা সরে সরে আসে
এই সুন্দর এই অসাধারণ আলো আর আলো
এক নজরে যেন মনটা কেমন জুড়ালো

আহা, এই গভীর রাতে
এই তীব্র শীতে
উড়ে যাক যতসব অপ্রয়োজনীয় শংকা
বসে বসে শুধু শুধু ভাবি
এই হাতে কে দেবে স্বপ্নের চাবি

রক্তাক্ত জুলাই শেষে আশা-নিরাশার সেপ্টেম্বরে

এরপর শুধু
নীরব মাঠের পথে হেঁটে যাবো আলোক প্রতিভু।

উম্মে সালমা
১০/০৯/২০২৪

Salma's Poems

জন জিজ্ঞাসা জন জীঘাংসা

আমাদের বুক যখন ক্ষত বিক্ষত হতো
প্রতিদিন প্রতিটি মূহুর্ত
তোমাদের চোখে মুখে জাগতো এক পরম তৃপ্তি
আমাদের চোখগুলো যখন কাঁদতে কাঁদতে
কিংবা মান অপমানের ভয়ে কান্না শুকোতে শুকোতে
দেহের মৃদু কাঁপুনিতে জমা হতো
তোমাদের চলতো অভিসারের আনন্দ উপভোগ
আমাদের কষ্টগুলো যখন চাপতে গিয়েও অনুরণিত হতো চকবাজার কিংবা চট্টগ্রামের কোন যানজট ওয়ালা মোড়ে
দিনটা তোমাদের সুন্দর যেতো।

আমরা কি মানুষ ছিলাম?
আমাদের কি দোষ ছাড়া কোন গুন ছিলো?
আমাদের কি অপমানের ভয় ছাড়া কোন ভাষা ছিলো?
আমাদের কি ফাসাদের দৃশ্য ছাড়া আর কিছু দেখার ছিল?
আর এইসব প্রশ্নের উত্তর হীন পৃথিবীতে থাকতে থাকতে আমাদের কি ভাবতে হতো
আমরা জন্ম ই নিয়েছিলাম
পিষ্ঠ হবো বলে পদাধীকার শক্তির রোলার কোস্টারে?

বিশ্বাস কর নীলা
সেদিনের রাত ও ছিলো আজকের মতো শীতার্ত
কুয়াশায় ঘিরে রেখেছিল সারাটা গ্রাম
বাংলাদেশের কোন পুকুর ধারে লেবুর তলে সেদিনো
থোকায় থোকায় জ্বলছিল একঝাঁক জোনাক

কিন্তু কেউ দেখছিলো না
আলো নয় মিছে শত্রুতার আগুনে
জ্বলতে জ্বলতে কিছু জোনাক কি অঙার হয়ে উঠছে
কেউ বলছিলো না একগ্লাস যমযম পানি দিয়ে ধুয়ে দিই
তাদের প্রভূত অপমান দুঃখ কষ্ট যন্ত্রণা
কেউ বলছিলো না এ পৃথিবীতে ন্যায়ের পক্ষে কথা বলা প্রতিটি মানুষের কর্তব্য
তোমরা অসৎ কাজে নিষেধ করো
দয়া করে..

আজকের পট পরিবর্তন
জুলুম
মজলুম
মব জাষ্টিস
ন্যায়বিচার
এই শব্দগুলোর পুনঃ পুনঃ প্রকাশ এবং উচ্চারণ
তাই আমাকে অবাক করে

আমি বুঝতে পারি না
এতদিন আমরা কোথায় ছিলাম?
এতদিন কোন অদৃশ্য নদী আমাদের ভেতরের
সব ন্যায় বোধ ভাটির টানে সরিয়ে নিয়ে গিয়েছিলো?
কোথায় ছিল কোনটি প্রতিশোধ আর কোনটা ন্যায়বিচার এই সাংস্কৃতিক চর্চা?

নীলা বল
আজ তুমি আঘাত প্রাপ্ত মানুষদের ক্ষোভ কি করে ব্যখ্যা করবে ?
কি করে তাদের প্রতি হোয়া প্রতিটি অন্যায় অবিচারের সুবিচার করবে?
তাদের বলবে এখানে সীমারেখা টেনে দিলাম
থেমে যাও?

প্রিয় বন্ধু আমার,
সন্ধ্যা গড়িয়ে পড়ছে
চায়ের কাপে জমছে তর্কের বিষন্নতা
কনডেন্সড মিল্কের মতো থিতু হচ্ছেনা দুঃখ
ঠিক এই সময়ে বলো বলে যাও
কেমন করে আমরা
ক্ষমার আর উদারতার বয়ান করি?
কেমন করে বয়ে বেড়াই
শতাব্দীর বড্ড কঠিন বড্ড অমীমাংসিত প্রশ্নদের?

উম্মে সালমা
১৩/১০/২০২৪

Salma's Poems

আমাদের ভালো থাকা

ভালোবাসা গুলো একটু একটু করে ক্ষয়ে ক্ষয়ে যায় দুশ্চিন্তার আড়ালে
কেউ বলে না
“ম্যারি ম্যারি হোল্ড অন টাইট।”
কেউ বলে না
“হাল ধরে থাকো” ।

তোমার আমার ভালো থাকা
সুখের সময়ে
খুব একটা কি ঝক্কির?
তখনতো ছোট্ট একটি ঘাসফুলের মাড়ানোর স্পর্ধা
কিংবা একটা বাটি তরকারি গরমে নষ্ট হোয়া
কিছু ম্যাটার করেনা।‌
জাকারানডার বেগুনি বেগুনি রশ্মির মতো
প্রাপ্তি আর প্রাপ্তির জৌলুসে
ছেয়ে থাকা যায় বিমুগ্ধ ডিজিটাল রাত দিন…

কিন্তু
ব্যর্থতার ঘন্টা গুলো
নতমুখে না না না না না
নিয়ে বার বার বিফলে যাওয়া প্রতিটি মূহুর্ত?
ভালো থাকা আড়ালে ক্ষয়ে ক্ষয়ে যায়
একসময় সামনে দিয়ে হাতি চলে আমরা
কি ভীষণ রিএক্ট করি
পেছন দিয়ে একটা পিঁপড়া হেঁটে গেল বলে

কাঁচের চুড়ি
সোনালী চশমা
কাউবয় হ্যাট
অসহায়ের মতো পড়ে থাকে
আমাদের সহমর্মিতার হাত তাদের উঠিয়ে নিয়ে বলে না
“সিজ দ্যা ডে” ।

উম্মে সালমা
২৯/০৯/২০২৪

Salma's Poems

বেঁচে আছি বেঁচে থেকে

এখনো আকাশের দিকে তাকাতে মন চায়
কাত করে মাথাটাকে
সবুজ একটি মাত্র গাছ দেখতে মন চায়
ভালোলাগে বিনষ্ট হলুদে এখনো হলুদ হয়ে যাইনি ভেবে।
খুব দ্রুত চলে যায় পার হয়ে একে একে
অন্য আরো রিকশা, গাড়ি, বোঝাই ভ্যান...।
কিভাবে যে কুলকুল করে শুনতে পাই
বুকের নাব্য নদীর মোহনার সুর
সবাই সান্ত্বনা দেয় --জটিল জীবন পেয়েও
সহজ সুখের ধ্যান করো না!
পৃথিবী সহজ চোখে দেখি
তবুও মিষ্টির দোকানের প্যাঁচানো মিষ্টান্নটি
কিংবা পত্রিকার পাতার জড়ানো রেখাটানা মেইজ সে
অথবা নীড়ের পাখির কাছে হঠাৎ মধ্যরাতে ঝড়।


উম্মে সালমা
২১/০৯/১৯৯৮
oplus_32

Salma's Poems

I remember my coffee on a rainy day

It's raining hard and heavy
Since morning
After stoning the whole night
It is now throwing arrows at a sliding soul.

I go to the kitchen
And take two pieces of bread
No lavishness today
A thin layer of butter will be able to cover
the rough surfaces of a hungry body and cranky mind.

'Butter'
What a nice word!
A white oily substance makes the dry dull bread creamy and edible
And when it adds to 'fly',
I seem to chase a flimsy beauty in the flower garden.
At childhood...

But the rainy day soaked my buttered bread
And dampened my dry heart
And stopped me from chasing
a dream, long-held
I see a big big big group of she he they you
buttering the right side of the bread
And I am falling down falling down falling down

Then, I remember my coffee,
a fuming potion in a Turrbalic cup.

Umme Salma
17/05/2023, UQ
first posted in "Salma's Silent Sounds"
https://www.facebook.com/your.ummesalma
Salma's Poems

যদি তুমি একবার সময় করতে পারো

এখনো তোমার গায়ে চাদর
শীত চলে গেছে সেই কবে
শীত চলে গিয়ে বসন্ত ও যায় যায়
একসাথে বসা এই আমাদের আর হবে?

আমাদের বসা
কবিতা চষা
সায়েরীর যত ধূন
আমাদের কথা
পদ্যের যাঁতা
অনূভুতি কি নতুন ।

শীত চলে গেছে সেই কবে
তবু চাদর কেন গায়
যে দিন গেছে ফিরছে না বলে
চাদরে মায়া লুকায়?

আহা! মায়া
কি দারুন এক শব্দ
রেশমী রেশমী ঝিলিমিলি পাতা
আলোচনা নিস্তব্দ।

সেরকম মায়া
চাদরে ঢেকো না
সেরকম ছায়া
মাড়িয়ে যেয়ো না

একদিন এসো বসি
জীবনের অর্থ কষি
একদিন হই সোনা উপকূলে
সুন্দর রাতের শশী।

একদিন যাই সৌর উপকূলে
একদিন করি কবিতায় সার্ফিং
একদিন বলি শব্দ হবে রুহ
নট নাথিং এনিথিং ।

উম্মে সালমা
০৪/০২/২০২৪

Salma's Poems

শেষ পর্যন্ত সক্রেটিস

কনিয়াম ম্যাকুলেটাম
একঝাঁক সফেদ ফুল এথেন্সের বাগানে।
লোকে বলে হেমলক।

তোমার জন্য বরাদ্দ করেছিল তারা সেই ফুল।
একটি স্বচ্ছ গ্লাসে তরলিত হয়ে তির তির দুলছিল তোমার জন্য
সেদিন সন্ধ্যায়
মৃত্যুর পরোয়ানা জারি হয়েছে।
একটি মাত্র চুমুক ব্যস!

কিন্তু তুমি তো খুব ব্যস্ত
আত্মীয় বন্ধুদের নিয়ে
এবং তারপর
বাঁশের বাঁশি নিয়ে
একটি সুর তুলছো বার বার
আবার আবার আবার
নতুন সুর
শিখতে হবে ই ।

"মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এ কোন পাগলামি?
কি হবে এই সুর শিখে ? কি লাভ?"
তুমি হেসে বললে,
"মত্যুর আগে কিছু একটা নতুন শিখে গেলাম, এটাই তো।"

জ্ঞানের দরজা সেদিন কি কেঁপে উঠেছিল ?
জানিনা।
শুধু জানি আমাদের সুন্দর সুরের চেয়ে
হেমলকের তৃষ্ণা বেড়েছে। আজকাল।

১৯/০২/২০২৪
Salma's Poems

যদি তুমি যদি তার কথা শোন, একবার

খুব খুব ইচ্ছে করে প্রতিদিন বলি
ভালোবাসার অনুপম অনুপম কথা
প্রতিদিন বলি এই মোবাইল এই গেজেটের জমকালো সব অনুষ্ঠানের ভিড়ে- আছে ঘুমিয়ে নরোম চড়ুই এর মতো-অনুভূতির এক মিষ্টি বারতা।

সকালের রোদ এলে পুঁই পাতারা কত মায়া নিয়ে দোলে; মনে হয় কত হাজার বছর গেলো তারপরও পৃথিবীর যাবতীয় সুন্দর বিহ্বল এ প্রকৃতিতে খোলে; সকাল হয় বিকাল হয় আকাশ সাদা হতে হতে লাল হয় নীল হয় সমুদ্রের ফেনার মতো বিমানের ডানাতে ডানাতে বাস্পের মতো কেমন উড়ে যায়

অথচ এসবের ভেতর দিয়ে টিকে থাকা
আমি যে মানুষ
প্রতিদিন বাস্তবতার আগুনে জ্বলে ভস্ম হয়ে যাই।
এ আমার এ আমাদের আমাদের প্রত্যেকের সংগ্রাম দুঃখ আর যন্ত্রণার কোন কুল নাই;
যে যেখানে আছি মূহুর্তে মূহুর্তে স্বপ্ন সাজাই
সেই স্বপ্নের খেসারত দিতে দিতে দিতে কদম ফুলের মতো কত কোমল পাপড়ি ঝরিয়ে
চলতে চলতে শীতের বিচালীর মতো
ধানের দিন চলে যাওয়া গল্পের বোঝাই।

প্রতিদিন ভালোবাসার গল্প প্রতিদিন খুনসুটি প্রতিদিন বিকেলের মরীচিকা মতো
আমারো ইচ্ছে করে শালিকের মতো ঘুমিয়ে থাকি এক নীড়ে; কোন চিন্তা নেই কোন কষ্ট নেই
নেই কোনো আনাগোনা আমার এই অব্যস্ত
আকাশের তীরে
ভালোবাসার এক গান বেহেশতী সুরের মতো
এত এত এত ভালো এত এত এত আলো
চারপাশে চারদিকে যদি ছড়িয়ে পড়ে। তার মাঝে ডুবে আমি ভুলে যাই কি পাবো কি হারাবো যতদিন বেঁচে আছি পৃথিবীর বিশ্রী বিভোরে।

উম্মে সালমা

(স্ট্রাকচার ভাঙচুর করে লেখা। কবিতা বোদ্ধাদের কমেন্ট চাই)