Salma's Poems

ভালোবাসাহীন এতো বেশী ভয়

ভালোবাসা হীন দিন এতো বেশী ভয়
রিদয়ের করোটিকায় ক্ষয় আর ক্ষয়
যে পায়ে লায়লা গেছে না গিয়ে সে পায়
মজনু গানের সুরে এ ঠোঁট গায়
প্রিয়তম গান—ইয়া আল্লাহ! তুমি জানো
তোমার অবহেলিত বান্দারে তুমি কাছে টানো
ভালোবাসার মেঘে যার শাড়ী উলটানো পাল্টানো
সেই সে শাড়ী যা তুমিই দিয়েছিলে জোড়াটুকু বুনে
শীতের শুরু শুরু অচেনা দুরু দুরু চর ফাল্গুনে।

তবু আমি কাঁদি
ভালোবাসার বেহাত দিনের কান্নাটা সাধি ।
তবু বলি বস
এই নাও রজ্জু বেশ করে কষ
যেন খুলে না যায় অতশীর মুখ দেখা কোন আয়নায়।

উম্মে সালমা, টুওং, ১০/০২/২০২৫

Salma's Poems

যে আমি বাংলাদেশ

আমি তোমাকে মন প্রাণ
আর বিশ্বাস দিয়েছিলাম
তুমি তাদের আহত করেছো
বিলাপ হয়েছে তার নাম।

যে শব্দ যে গোপনীয়তা
আমাদের ছিল
তাকে দিয়েছো খুলে
আমার সম্মান হানির
চাবির গোছা
প্রতিবেশীর অঞ্চলে
দিলে তুলে?

বুকের ভেতর যে ব্যথা
কোন ওষুধ তাকে
সারাতে পারে না
চোখের ভেতর যে জল
কোন রুমাল তাকে
সরাতে পারে না

ঠকে গেছি ভালোবেসে
কাছে এসে কাছে এসে
মরে গেছি ভালোবেসে
কাছে ঘেঁষে কাছে ঘেঁষে

কাবিনের কারুকাজে
বৌ সাজে আমি সেজে
যে ঘরে এসেছি
সে ঘরে এক শয়তান
সাদা মতো মুখখান
ডেকে এনেছি

তারপরের গল্প বেহুদা বলা
অন্যের ধনে যার চোখ
সাদাসিধে বেহুলা বোঝেনা
তার নিখুঁত ছলাকলা।

তোমাকে দিয়েছিলাম আমি
আমাকে আমার মানচিত্র
বলেছিলাম দূর্বল হইয়ো না প্রিয়
সাহসে সীমান্ত পাহারা দিও।‌

সীমান্ত দিয়েছো খুলে জলঢাকা
মানচিত্রের মুখ
প্রিয় তুমি অপরূপ বিশ্বাসঘাতক
তার বিচার চলুক…

উম্মে সালমা
২/২/২০২৫

Salma's Poems

পৃথিবীর জটিলতম অভিযোগ

আপনি আমাকে ভালো ই বাসেননি
আমি ছিলাম শুধু প্রয়োজন
যখন আপনি দেখলেন
সেই প্রয়োজন
কিছুটা ভাটায়
কাজের ব্যস্ততায়
আপনার আকাশ ছেয়ে গেল
আরেক শিখায় ।

আপনি একবারো ভাবেননি
ভেবেছিলেন কি?
কিভাবে আমি বিক্ষত হবো
যদি ভালোবাসতেন
প্রতিটি পায়ে পায়ে
মনে আসতো আমার কথা
ভাবতেন একটু হলেও
এরপর এরপর কি হবে
কেমনে এরপর আমি চাখবো
প্রেম নামক মধুর চিরতা

সেই আমি
যে আমি দিয়েছি সব জীবন তারুণ্য
আপনার জন্য
আপনার জন্য।

উম্মে সালমা

Salma's Poems

আমাদের রোগাক্রান্ত ঘর

আমি যখন ভালোবাসি
জীবনভর তোমায়
আমার হৃদয় উড়তে থাকে
পরকীয়ার বোমায়
তোমায় যখন ঘৃণা করি
অন্যরকম জেনে
আরেকটি বার কেন যেন
নিই যে কাছে টেনে

এই যে আমার ভালোবাসার ঘৃণার এত পোকা
আমার খেয়ে বেঁচে থাকা আমায় দিয়ে ধোঁকা

আমার তুমি
আমার তুমি
জারুল ফুলের মালা
আমার তুমি
আমার তুমি
ডিজাইনার দুই বালা

এমন যদি হত
সম্পর্ক ভাঙার বোমা
তুলে দেয়া যেত

মানবসমাজ হতে
কল্যাণের ব্রতে

তোমায় আমি বাসতাম ভালো
সঙোপনে কেউ
আমার ঘরে তুলতো না কেউ
টর্নেডো আর ঢেউ

আমার ঘর আমাদের ঘর
একটি মহীরুহ
গভীরে তার হাজার শিকড়
ডাল পালা সহ

উনিশ বছর ও-লো
রুপিয়ে ছিলাম তুমি আমি
দুই পরিবার যখন
এক ঘরানার হলো

বেহুলার সেই ঘরে
পরিচিত এক সাপ
লক্ষিন্দরের বুকের ছাতি
নাড়িয়ে দেয়া পাপ

এই যে আমার এই প্রশ্ন এই যে যত রাগ
প্রস্ফুটিত জলের মতো ছড়িয়ে যায় তাপ

আগ্নেয়গিরির তাপ
আগ্নেয়াস্ত্রের ভাপ।

উম্মে সালমা ২০২৪

Salma's Poems

কতিপয় শায়েরী.

১.
চুপচাপ জিকির করে
নীলিমার নীল
হেঁটে যায় মৌন মুখে
সবটা নিখিল–শরীর শিথিল।

২.
বসে বসে বসে
কত তারা এইতক পড়ে গেল খসে
ভেসে ভেসে ভেসে
ঘাসের দেশের দেখা মেলে অবশেষে?

নীল তুমি বলে যাও রাতভর
এই তারকা বিন্যাসে।

৩.
পাড় ভাঙে নদী ডাঙায় তুফান
নীলাম্বরি খুলে বসে স্মৃতির বাথান
ভাঙাচোরা সুটকেস
এক ফালি মান অভিমান
কাস্টার্ড-ঘন যেই দিনের শিথান।

৪.
চুপচাপ জিকির করে গাছপালা পাখি
রাত্রি দুপুর
কান্নার মতো লাগে
সুদূরের কোন টানে বেদনা মেদুর ?

চুপচাপ আমি কেন
টুপটাপ ঝরি
নীলিমা ফুরায় যাবে রে, বোকা,
দেরী নেই, তৈরি হ, নীলাম্বরি?

উম্মে সালমা
২/২/২০২৫

Salma's Poems

অস্ফুট ভাষা

কতটুকু গুছিয়ে বললে
কথাগুলো বলা হয় কিংবা হবে
জানিনা
কতটুকু যুক্তিযুক্ত ভাবে বললে
মনের ভেতর গুমরে থাকা ভাষা
পড়ানো যাবে
জানি না

তবু বলছি
কিবোর্ডে আঙুলে চলছি
এলোমেলো অক্ষর দলছি

ব্যস্ত সমস্ত মানুষ তুমি অ-নে-ক কাজ হাতে
হয়ত সময় হবে না আজকের এই প্রভাতে
আমার এই বারবার
ফিরে ফিরে আসা
কান্না গুলো শুনবার
কিংবা এমনো হতে পারে
একটি বিষয় নিয়ে এত
ন্যাগিং ! কেন বারবার ?
পাপ তো আমার?
রেগে যেতে পারো এই চিন্তায় এই ভাবনাতে

কিন্তু তারপরো
কথাগুলো বলতেই হবে আমারো
সকাল সন্ধ্যা হরতালের মতো
যে কথাগুলো আমার মানচিত্রের
আর্টারি ব্লক করে তুলছে
তাকে শুনতেই হবে তোমারো

আমিতো তোমাকে ভালোবেসে ই ছিলাম
দীর্ঘ সময় দীর্ঘ দিন দীর্ঘ বছর পেরিয়ে
আমাদের ভালোবাসা
পরিবার পরিজন পরিকল্পনা নিয়ে
হয়ে উঠেছিল বেশ একটা মহীরুহ
বড্ড আশা ভরসা
সেই মহীরুহের ছায়ায় জীবনের
সব লেনদেন সঁপে দিয়ে
আমি নিশ্চিন্ত মনে ঘুমিয়ে গেলাম
তুমিও বুঁদ হয়ে গেছ ভেবেছিলাম
আমাদের যে হাত ধরাধরি একবার
যে দৃষ্টি বিনিময় হয়েছে বারবার
সেই হাত অকেজো সেই দৃষ্টি অন্ধ
হয়ে রবে শেষতক জীবনের এপার ওপার

এই সব আশা

আমার ভালোবাসা
বরাবর ই ভাষাহীন ছিলো
যতটুকু বাসতাম অতটুকুতে
এত লজ্জা আর দ্বিধায় আসতাম
সব সমর্পণ ছিল নিঃশব্দের কিংশুক
সুগন্ধি জড়ানো এক কোমল ধুকপুক

আমি কখনোই বলতে পারিনি
কতটুকু ভালো লাগে তোমায়
চাঁদের আলোর মতো প্রতিমাসে
ভালো লাগা নবনীতা পরিণীতা হয়
আবার কাজ কর্মে সংসার সহবাসে
মিইয়ে মিইয়ে হয়ে যায় ক্ষয়

কিন্তু এই পালাক্রম; মানে এই না যে
তোমার জন্য আমার রাঁধা হয় না ভাত
পাতা হয়না বিছানায় রাত
সূইয়ের ফোঁড় তোলা আঙুল নিনাদ
এর মানে এই নয় যে কাবিনের কালে
যে মাতৃকুল
আমাকে বলিয়েছে কবুল কবুল
সেই বাঁধন সেই মনিহার হয়ে পড়েছে
অবহেলিত একঘেয়ে এক চুল

আর সেই ফাঁকে আমাদের ঘর
হয়ে উঠবে অবাধ অরক্ষিত বাসর
সেখানে ঢুকে পড়বে সাপ ফর্সা মতো
ফোঁস ফোঁস করে
কেঁদে কেঁদে শরীরী ওজরে

প্রিয় নীল
কতটুকু গুছিয়ে বললে
কথাগুলো বলা হয় কিংবা হবে
জানিনা
এটাও মানি না
কতটুকু বললে
তোমাকে বোঝাতে পারবো না
অনেক বদলের মাঝেও প্রিয়তি একি থাকে
দিনের আলোতে হাসনাহেনা ফোঁটে না
নতুন লতাপাতা কান্ডকে লুকিয়ে দেয়
কিন্তু সবাই যার যার মতো সব ঠিকঠাক রাখে

শুধু বুঝতে হয়

সবখানে হয়নাকো যেতে
কাতর যুবতীর নীর দেখে
তারা হীন মেঘের আড়তে
নদীর তীরে হাঁটতে হাঁটতে
কথা বলতে কথা শুনতে

হয়না

তোমার হৃদয়–মানি–ঘাস
আকাশের চেয়েও আকাশ
তাকে ভাগ দিয়ে দিলে
মরে যায় স্বর্ণের মতো স্বর্ণলতা
যার সত্যে প্রেমেতে নিবাস।

উম্মে সালমা
১২ ডিসেম্বর থেকে ২ ফেব্রুয়ারি ২০২৪-২০২৫

Salma's Poems

“অতীতের মতো সব”

১.

গতকাল-ঠাস করে
চলে গেলো
কি হতো তার, ধ্যাত,
যদি যেতো
আরেকটু স্লো
যে–তে যে–তে
থমকে দাঁড়াতো?

আজ কি হতাম তবে
নস্টালজিক ?
মন-ছুটা পাখি এদিক ওদিক ?

২.

নীল
তুমি কি অতীত মম
আঙুলের ক’রে
ফাঁক বেয়ে জলধারা
যেভাবে ঝরে বুকের পিঞ্জরে?

৩.

গতকালটা
আমার সাদা বিড়াল মিনি
কসবার লাল কৃষ্ণচূড়ার তলে
ফেলে এসেছি

গতকালটা
আমার চট্টগ্রাম কলেজ ৫৩৪
সময়-বাঁধাকপির পরতে পরতে
ঢেলে রেখেছি।

শিশিরের মতো
বেদনার মতো।

৪.

অতীতটুকু আমার
মন পাউচে একটি নদী নামার

নদীর ভেতর
ছোট্ট ছোট্ট নুড়ি
তুততুরানো মাছ
খুবলে খাওয়া একটি গাছের
গভীর বুকের কাছ।

৫.
চলে গেছে চলে গেছে একটু দাঁড়ায়নি
পকেটে লুকিয়ে হাত ভুলেও বাড়ায়নি

গতকালটা আমার

এই ভয়ে
যদি বলি
থেকে যাও
শিশিরের আলতা জড়ানো পদ
নিশীথের চাঁদনি ছড়ানো নদ
রেখে যাও
রেখে যাও ।

একটুকু থেকে যাও।

উম্মে সালমা
৯/২/২০২৫

Salma's Poems

অনেক কথা বলার ছিলো

আমার অনেক কথা বলার ছিলো তোমার কাছে

আমার অনেক সুখের প্লান ছিলো তোমার সাথে

আমার অনেক অশ্রু ছিলো পঞ্চপাতায়

আমার অনেক যতন করার মন ছিলো নির্জনতায়

আমিতো আর পাবো না সেই তেমন কোরে
নানাসময় নানা স্থানে যখন তখন হঠাত করে
হঠাত হোয়া চোখের কথা মনের কথা খুব কদাচিত

আমার যে খুব ইচ্ছে করে তোমায় একা ডেকে আনি
উগরে দিই ডাগর ব্যথা চোখের পানি

কিন্তু
আমি তোমায় দেখে থমকে দাঁড়াই
অই চোখের দুঃখ কাতরতা ভীষণ ডরাই
তাকে আমি স্পর্শ করে জড়িয়ে ধরে কাঁপন থামাই
যে কাঁপনে আমিও কাঁপি সেও কাঁপে ।

ঊম্মে সালমা, ২৬/১১/৯৮

Salma's Poems

অনু কবিতা

বাতাসে ছুটির গন্ধ শহরে কত আনন্দ…
সবুজ মিতালী ধূলোমাখা জামা
আধোয়া পড়ে রয়!
ডিসেম্বর নামে রোদ রঙা ফ্রক
অগোছালো হয়ে রয় !

উম্মে সালমা, ২৩/১২/২৪