Reflections

শুরুটাই অসুন্দর


আমাদের বাংলাদেশী সংস্কৃতি তে পারিবারিক সম্পর্কের শুরু হয় বিয়ের মাধ্যমে। অভিভাবকদের পছন্দেই হোক বা ছেলেমেয়েদের প্রেমে হোক, বিয়ের মাধ্যমে একটি মেয়ের, একটি ছেলের এবং দুটি ফ্যামিলির কালচারাল শিফট ঘটে। এটা যুগ যুগ ধরে চলে আসছে।


অথচ এই চলে আসা জীবনধারা আমাদের সমাজে একটি অভাবনীয় নেতিবাচক আলোচনার বিষয়। আমি মাঝে মাঝে হিসেব করি, আমার চেনা শোনার মাঝে এমন কি কেউ আছে যে পরিবারের সম্পর্ক আর সদস্যদের নিয়ে তৃপ্ত? সত্যি কথা বলতে কি কাউকেই মনে করতে পারিনা। কারন সাধারণ মানুষ হতে শুরু করে এমনকি যারা খুব ধর্ম চর্চা করে তারা সবাই একি ধাঁচের। সরাসরি বা আকারে ইঙ্গিতে যেভাবেই হোক নিজের কমফোর্ট জোনে তারা গল্পের ঝুলি নিয়ে বসে, কার শ্বাশুড়ি কেমন, কার জামাই কতটা মা ন্যাওটা, এটা হয় বৌদের গল্প আর এর বিপরীত হয় শ্বাশুড়িদের গল্প। এই গল্পে জামাই শ্বশুরদের ও ভাগ থাকে। তারা এ পক্ষ ও পক্ষ নিয়ে পরিবারটা কে একটা concentration camp বানাতে সহযোগিতা করতে থাকে।


এই চিত্রের পেছনে অনেক অনেক অনেক কারন আছে। এর মাঝে আজ একটা নিয়ে বলতে চাই, মেটা হলো সম্পর্কের শুরুতেই সম্পর্ক শেষ করে দেয়া। কোন বিয়েই ১০০% পারফেক্ট নয়। বিয়ের আগে এবং প্রথম প্রথম অভিভাবকদের, বিশেষ করে ছেলের অভিভাবকরা, বিয়েতে ঘটে যাওয়া তাদের অপছন্দের কাজগুলো (যা মেয়ে পক্ষই করে) কখনো ভুলেন না। সেই শোধ তারা তুলেন মেয়ের উপর। ঠেস দিয়ে কথা বলা, বিশ্রী উপনাম দেয়া, নানারকম মুখভঙ্গি, কানাকানি, ফিসফিসানী এবং জিনিস পত্রের সমালোচনা, খাদ্য আইটেমের বাচ বিচার এগুলো চলতে থাকে প্রথম অনেকদিন এবং এটা খুব সহজেই নতুন মেয়েটার মন বিষিয়ে দেয়। সে একটা চির বিরক্তিকর অনূভুতি মনের মধ্যে পুষে নেয়, যার প্রভাব থাকে মরন পর্যন্ত।


একটি বীজ বপনের সময় তাকে নষ্ট করলে তা থেকে আর কোন গাছ হয়না, তেমনি সম্পর্কের বীজ বপনে যে যত্ন আর ভালোবাসা দরকার তার অভাবে এক একটা পরিবার আজ concentration camp. আমার খুব অবাক লাগে অভিভাবকদের একগুঁয়েমি এবং আধিপত্যমূলক আচরণ দেখলে। তারা নতুন মেয়েটিকে/নতুন বৌকে নূন্যতম সম্মানটুকু দিতে চায়না। এরা ভাবে, “সে কোন লাট সাহেব তারে আমি পুছবো?” ” তার দায়িত্ব মানিয়ে নেয়া, আমি যেমন করেছি আমার শ্বশুর বাড়িতে।” ” এসব সহ্য করতে হবে”। ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এর জন্যি বোধহয় দেশের বাইরে বাংলাদেশের মেয়েরা আসলে আর যেতে চায়না। অনেকের সাথে কথা বলেছি, দেখেছি তারা পলায়নপর। বলে, বহূত ভালো আছি। আর কোন ক্যাচাল চাইনা।


আমি বলছি না, নতুন বৌরা সাধু সন্ত। আমরা কেউ কি তা? আমার প্রশ্ন হচ্ছে শত কথা আর অপছন্দের মাঝে যখন সম্পর্ক হয়ে যায়, তখন সব কিছু পিছে ফেলে, আমরা সে সম্পর্ক কে কেন স্বাভাবিক, বা তার চাইতে সুন্দর বা তারও বেশী কিছু করতে পারিনা? কেন আমাদের নোংরা আবর্জনা ঘাটতে হবে আর তার গন্ধ দেশ কাল ধরে ছড়াতে হবে? কেন আমরা এত সংকীর্ণ মনের? একটা নতুন মেয়েটিকে আত্ম-উত্তীর্ন ভালোবাসলে তাকে জায়গা দিলে তাকে সম্মান দেখালে
আমাদের কি ক্ষতি হয়?


এ মুহূর্তে কুরআন এর একটি আয়াত মনে পড়ছে, “যে মনের সংকীর্ণতা থেকে মুক্ত হলো, সে সফলতা লাভ করল।” তাহলে আমরা যারা এসব কাজ করি আর তা জারী রাখি, তা কি আমাদের মানসিক সংকীর্ণতা নয়? আমরা কি তাহলে অসফল নৈ, যত ধন আমাদের থাকুক?

ড. উম্মে সালমা
২০ আগষ্ট ২০২২.

Salma's Poems

সন্তের মতো প্রার্থনা.

যে কথাটা বুকের মাঝে গুমরে মরে
যে কথাটি বলতে গিয়ে বলি না আর 
তারি চাপে রাত দিনটা আছড়ে পড়ে। 

প্রভু আমার
আমায় তুমি শান্ত কর
শীতল কর আগুন জ্বলা মন বাগিচা
প্রভু আমার
আমায় তুমি মুক্ত কর
সরিয়ে দাও কষ্ট ব্যাথার বিশ্রী বিছা ।

এই শহরে আমার ভীষণ একলা লাগে
ছুটছে সবাই ঘুরছে ফিরছে কেমন যেন
কথায় কথায় দূরত্ব আর ভাঙন জাগে। 

প্রভু আমার
আমার মনটা বাগান কর
সুগন্ধিটা একটু হলেও ছড়ায় যেন
প্রভু আমার
আমার হাতটা লতা কর 
ভালোবাসায় একটু হলেও জড়ায় যেন

যে যার মতো এই শহরে আমরা সবাই 
যখন চাই এক সাথে রই একসাথে হই
তবুও যেন কেমন ফারাক, কি যেন নাই

সেই নাই এর খোঁজে চলতে থাকা 
এই যে আমি

প্রভু আমার
সেই আমিকে মানুষ কর
নিজস্ব কে উতরে যাওয়া মিষ্টি মানুষ
প্রভু আমার 
সেই আমি কে বিশাল কর
সরিয়ে দিয়ে ভেতর ফাঁপা সব জৌলুস।

আমায় তুমি 
শান্ত কর শান্ত কর শান্ত কর
আমার সময় 
শান্তি কর শান্তি কর শান্তি কর।

ব্রিজবেন
২২/০৮/২০২২
Salma's Poems

প্রকৃতি এবং ইচ্ছে

জানালার পাশে বসে প্রায় প্রতিদিন
কি যে দেখি ভাবি শুধু
এত অমলিন
কেন ঐ গাছটি: যে হলুদিয়া হয় 
শীতকাল এসে গেলে
দুটি পাখি হেসে গেলে 
এমন প্রনয়? 

বারান্দায় বসে থাকি কখনো সখনো
কি যে দেখি ভাবি শুধু
মিষ্টি মাখানো
কেন ঐ গাছগুলো? পাতাময় হয়
শীতকাল এসে গেলে 
সব পাতা ঝেড়ে ফেলে 
জারুলে জড়ায়?

ওরকম গাছ যদি 
আমি হয়ে উঠি
পারবো কি নিতে, আহ, 
এই প্রস্তুতি? 
জীবনের শীত হবে কাজের সময়
যা যাবার চলে যাবে
যা না হবার না হবে
আমি রব হাসি খুশি 
দুচোখের কোলে নেই সুখ অপচয়? 

আমি জানি, জানি
জীবনের শীত মানুষ সইতে পারে না
কষ্টের হিম-পাথর বইতে পারে না
বসন্ত প্রিয় তার রোদেলা বিকেল

তবু আমি চাই 

দুখের গভীর হিমে জীবনের শীতে
বিপরীত পথে হেঁটে বহুদূর যেতে
হয়ে উঠি সেই গাছ, সেই সব ফুল
যারা ছাড়ে হিম দিনে মুক্তি মুকুল।

৫/০৯/২০২২
Reflections

আমার রিসার্চ আগ্রহ


আমার চেনা জানা অনেক বন্ধু, পরিজন, শুভাকাঙ্ক্ষী অনেকেই স্বপ্রনোদিতভাবে ধরে নেন যে আমার ব্রডার রিচার্স ফিল্ড ফেমিনিষ্ট স্টাটিজ। তারা আরো মনে করেন, এই ফিল্ড বলেই আমি তৃতীয় বিশ্বের হিজাব পরিহিতা মুসলিম মেয়ে হয়েও স্কলারশীপ পেয়েছি এবং সফলভাবে ডক্টরেট ডিগ্রি হাসিল করেছি। এই সূত্র ধরে অনেকে আবার আমার নারী বিষয়ক মূল্যবান (?) বক্তব্য জানতে চান। অনেকে আবার বলেই বসেন, ফেমিনিষ্ট স্টাটিজ একটি unfeasible ফিল্ড, বিশেষ করে বিশ্বাসী মুসলিম মেয়েদের জন্য। বাংলাদেশের ফেমিনিজমের সামাজিক এবং সাংস্কৃতিক দুরাবস্থা তাদের একথা বলার পেছনে একটি প্রচ্ছন্ন কারণ হিসেবে থাকে।


তাই অনেক দিন ধরে ভাবছিলাম আমার রিসার্চ আগ্রহ নিয়ে কিছু লিখবো। আমার অবস্থান এবং অবস্থা খোলাসা করবো, আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য। আমার রিসার্চ ফিল্ড হলো migration, culture and identity in literature ( South Asia, Bangladesh). আমি international and intra-national migration pattern এ বাংলাদেশের মানুষদের ভাষাগত, ভাবনাগত এবং সাংস্কৃতিক কি পরিবর্তন আসে বা আদৌ কোনো পরিবর্তন আসে কিনা কিংবা তাদের struggle গুলো কোথায় তা আমি দেখতে চাই সাহিত্যের মাঝে। সাহিত্য আমার কাছে একটি রিপ্রেজেন্টেশন। লেখকের ইনটেনশন এবং একটি গল্প কিভাবে মুসলিম migrant life প্রেজেন্ট করে তা আমি বুঝতে চেষ্টা করি। মুসলিম বলতে আমি একটি comprehensive but diverse range এর মানুষ বুঝি, যারা কিছু দিকে একি এবং নানা দিক থেকে ভিন্ন।


এই রিসার্চ আগ্রহে জেন্ডার বিষয়ক আলোচনা আসে। অবধারিতভাবে। কিন্তু আমি শুধু নারীদের নিয়ে নারী চরিত্র নিয়ে কাজ করিনা। আমি নারী এবং পুরুষ উভয়কেই নিয়ে কাজ করি, আর জানতে চাই তাদের জীবনের সমস্যা এবং সম্ভাবনা যখন তারা একদেশের সংস্কৃতি থেকে এসে অন্যদেশের অন্য সংস্কৃতিতে নিজেদের জায়গা করে নিতে চায়। যাকে আমি বলি, cultural placemaking. আমার এই রিসার্চ আগ্রহের একটা interesting দিক হচ্ছে, my constant search for a fair ground and point. আমার পরিচিত কেউ কেউ ফেমিনিজম নিয়ে কাজ করেন। এটা আশাপ্রদ। কিন্তু নারী অধিকার নিয়ে বলতে বলতে তাদের সবকিছুতে “নারীর চোখ দিয়ে দেখার” যে প্রবনতা তা তাদের একটি biased and parochial জায়গায় নিয়ে যায়। এটা একটা blind point. I want to save myself from that. আশ্চর্যজনক হলেও সত্যি, এমন কিছু মেন্টর পেয়েছি এখানে যারা নিজেরা ও এরকম একটা প্রপার প্লেস চান এবং তা নিয়ে কাজ করেন এবং রিসার্চ সাপোর্ট দিয়ে গেছেন।


Religion/faith/spirituality আমার রিসার্চ এর একটি গুরুত্বপূর্ণ অংশ। যদিও পিএইচডির সল্প সময়ে এই বিষয় কিভাবে approach করবো সেটা নিয়ে আমার অনেক কনফিউশন ছিল। এর কারণ হচ্ছে, ধর্ম আর আধ্যাত্তিকতা নিয়ে আমার chaotic and restless national background. আমাদের জেনারেশন মনে হয় সবচেয়ে দুর্ভাগা যে তারা একটি বিবদমান কিন্তু চাকচিক্যময় রাজনৈতিক পরিবেশে বেড়ে উঠেছে। সেই কনফিউশন দূর হয়েছে আমার ইউ কিউর রিলিজিয়াস স্টাডিজ বিভাগে একবছর পড়ানোর মাধ্যমে। আমি আমার ফিল্ডে কাজ করার পাশাপাশি তিনটি রিলিজিয়াস কোর্স পড়িয়েছি, যা আমার culture and identity এবং former religion and spirituality জ্ঞানকে enrich and in-depth করেছে। যারা আমাকে এই সুযোগ দিয়েছেন তাদের কাছে আমি এজন্য শুকরিয়া।


আমার রিসার্চ এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো human agency (কর্তাসত্তা)। দেশে থাকতে এই কনসেপ্টটা আমি কখনো শুনিনি। কোন আলোচনায় আসেনি। আমার সুপারভাইজার জুলিয়ানা আমাকে এটার সাথে পরিচয় করিয়ে দেন এবং এটা নিয়ে পড়তে বসিয়ে দেন। পড়তে পড়তে অতি অদৃষ্টবাদী সমাজ হতে আগত আমি বুঝতে পারি, how understanding human agency is essential for humans and their society.


আমি খুব ক্ষুদ্র নগন্য মানুষ। আমার রিসার্চ দিয়ে মানুষ বা সমাজ পরিবর্তন করবো ভাবিনা কখনো। Who cares? একটি অবধারিত প্রশ্ন। তবে কিছু কথা কিছু ভাবনা কিছু লেখালেখি হয়তো সাহায্য বা আলোকিত করতে পারে কিছু মানুষকে যারা এইফিল্ড বা আমাকে কেয়ার করে। তবে একজন literary humanities এর মানুষ হিসেবে আমার রিসার্চ আসলে শুরু হয়েছে, know thyself ভাবনা থেকে। অনেকে অনেক কারণে রিসার্চ ডিগ্রি নেয়। আমি নিয়েছি আমাকে জানবো বলে, সেই আমি যে বাংলাদেশী, মুসলিম, নারী, কন্যা, স্ত্রী এবং মা। সেই আমি যে দুই দেশভাগেরো এক দশক পরে একটি স্বাধীন কিন্তু অস্হির অসহিষ্ণু সমাজে জন্ম নিয়ে এবং বেড়ে উঠে নিজেকে বারবার হারিয়ে ফেলেছি।


আমার রিসার্চ এর সার্থকতা আমি নিজেকে অনেকটুকু খুঁজে পেয়েছি। Now there is no bad faith (as Jean Paul Satre defined). THIS is the joy of doing a research, being a self-searching human in the world. যে নিজেকে পায় সে অবশ্যই তার স্রষ্টা এবং তার মানুষদেরও পায়। যে নিজেকে পায়না, সে সব হারায়। এটাই সত্যি।
৬ সেপ্টেম্বর ২০২২. টুঅং।

Salma's Poems

একবার চলে গেলে মাটি আর রাখে না মনে

বাঁধার নীল গন্ডি পেরিয়ে যারা রঙিন ভুবনে পা রাখে
তারাই ভুলে যায় 
তার অপেক্ষায় বসে আছে একটি ডানাভাঙা পাখি
সকাল হয় রাত হয় আবার সকাল আবার রাত
ইদের আমেজে ভেসে ওঠে বিদেশী জনপদ
বৈশাখী বাতাস বইতে থাকে 
নীলাঞ্জনা চরিত্রে অভিনয় করে যায় বিধস্ত নারী
ফেসবুকের ভার্চুয়াল পাতা ভরে ওঠে লেখায় লেখায়

তবু তারা ফিরে তাকায় না। 

ডানাহীন হাঁটতে হাঁটতে হাঁটতে
পাখিটি কোথায় যে যায়! 
ব্রিজবেনের অশীতিপর বৃদ্ধ রাস্তাটা বুঝতে পারেন না-- 
এই পথ দিয়ে হেঁটে গিয়েছিল কত মানুষ
টারবাল মানুষেরা উশকো খুশকো চুলে কাঁধে বয়ে নিয়ে বোঝা চলে গিয়েছিল 
এ পথে কোন এক শীতে। 
মাঠ শুকিয়ে হয়েছে পাথর মাটি হয়েছে অফসলী পেটের ক্ষুধা তাদের নিয়ে গিয়েছে কত দূর! 

ও পাখি! তুমিও কি?
যেওনা            চলে যেওনা

একবার চলে গেলে মাটি আর রাখে না মনে 
একবার নোঙর তুলে নিলে 
তার দাগ মুছে দেয় স্রোতের জল। 
একটি ফসল ফলে গেলে আরেকটি হাসতে থাকে একি মাটিতে
একটি প্রেমের মৃত্যু হলে জন্ম হয় আরেকটির।

এইভাবে বর্তমান নিয়ে বেঁচে থাকে মানুষ
বর্তমানের পুতুল হয়ে। 

ব্রিজবেনের বৃদ্ধ রাস্তাটা হাঁপিয়ে উঠে,
না, না, পাখি যেওনা
হাল ছেড়োনা
আরেকটু বস আরেকটু যুদ্ধ কর 
আরেকটু অধিকার করে নাও তোমার স্থান
আরেকটু ডানা ঝাপটাও। 

অই মানুষ হাসুক। ঐ প্রতিবেশী ঠোঁট বাঁকিয়ে তুলুক।
ফেসবুকে ট্রল কিংবা ড্রইংরুমের মুখরোচক গল্প
হোক সব হোক তবু তুমি
তোমার ন্যায্য অধিকার ফিরে পেতে
জেনে নিতে তুমি কে তুমি কি 
হয়ে ওঠো মাটি কামড়িয়ে পড়ে থাকা এক ছুঁচো।

উম্মে সালমা
২৪/০৭/২০২৩
Salma's Poems

একগাদা ভুল প্রশ্ন

কোথায় গিয়েছে তুমি
নিবেদিত প্রান?
অবিচল নিষ্ঠা
নিকোনো উঠান?
একগোছা মৃদু হাসি এক ফালি চান
উঠলে আকাশ জুড়ে সুখের বয়ান?

কোথায় হারায়ে গেছো?

সে নাকি তোমার খোঁজে এই…গতকাল
গিয়েছিল রাষ্ট্রের সিঁড়ি ভেঙে দূরে
সে নাকি খুলেছিল কর্পোরেট দরোজা
আলোচনা করেছিল মিডিয়াপুরে

তুমি নেই তুমি নেই তুমি নেই

আর যা আছে তা রোবোটিক পেশী
হৃদয়ের গভীরে আছে শুকনো বেতার
ধকধক জ্বলে ওঠে লোভের বিদ্যুতে
ভেঙে দেয় জিঘাংসায় প্রেমের সেতার?

কোথায় নিখোঁজ হলে?
একমুঠো রোদ
সত্য ধরে রাখা
নৈতিক বোধ?
মানুষ হয়ে ওঠা ঝরনার আলো
ছড়ালে জীবন জুড়ে অগুনতি ভালো?

ড. উম্মে সালমা
১১/০৭/২০২৩
টুঅং

Salma's Poems

যাহা ব্যক্তিগত তাহাই রাজনৈতিক

উম্মে সালমা
১৮/০৫/২০২৩

জমিয়ে রেখো দুঃখগুলো
জমিয়ে রেখো নীল
উড়িয়ে দিয়ো একটি ঘুড়ি
রঙিন ডানার চিল

বললে তুমি এক সকালে
বললে তুমি ক্লান্ত এক দিন পোহালে

বুকের কোথাও ফেলে রেখো
দুঃখগুলো, খুব আড়ালে
কেউ দেখেনি কেউ শোনেনি
অন্ধকারের বেড়াজালে

মাথার ভেতর দপদপদপ
মনের ভেতর কথা
দু'চোখ জুড়ে কান্না ঘুম
দারুন বিষন্নতা

কেমন করে লুকিয়ে রাখি
এক কুঠুরী এক আড়ালে
কেমন করে প্রবোধ দিই এই আমাকে
আহা, কিছু হয়নি বলে?

ভাষা আছে শব্দ আছে
আছে আমার ঠোঁট
রক্ত আর মাংস চেঁচিয়ে ওঠে
যখন আসে নষ্ট কথার চোট

উড়িয়ে দেবো দুঃখগুলো 
ঊড়িয়ে দেবো নীল
ঊড়িয়ে দেবো প্রতিবাদে
সাতশো ডানার চিল।  

শুনছো তুমি এই সকালে?
শুনছো তুমি সামাজিক অন্যায় সব গিলে গিলে?

যে হয়েছো কাঠের পুতুল
যে হচ্ছো একটু একটু ভ্রষ্ট তুমুল
............


		
Reflections

এবার নিজের কথা বলি

এইতো বেশ কিছুদিন আগে আমার এক কাজিন আমাকে একটি মেসেজ পাঠাল। মেসেজের মুল কথা, “আপু আপনি সংসার আর কারিয়ার ক্যামনে করেছেন, যখন আমার আম্মুকে দেখি ঘরের কাজে সারাদিন কেটে যায়।” ওর মেসেজ পেয়ে নতুন করে ভাবতে বসলাম আমাকে, আমার অতীত আর বর্তমানকে । আমি কোন সফল মানুষ না। “I have miles to go before I sleep” and “I did not pick up all apples from my tree,” অবস্থা আমার, আমার প্রিয় কবিদের একজন রবার্ট ফ্রস্টের মতো। আমি চাই আমাদের পরিবারের মেয়েরা জ্ঞানে কাজে ঐতিহাসিক মুসলিম নারীদের পথে এগিয়ে যাক। এই চাওয়া একটি অন্তর্গত বিষয়। এই বিষয়টি ভাবতে বসলে নিজের গল্প আসে। আসে এজন্য যে, এটা কোন ইউনিক গল্প নয়। একটি সাধারণ গল্প যেটি অনেকের গল্প, কিন্তু বলছি আমি। আর এই বলা এজন্য যে, পরিবারের এই ছোট ছোট বোনরা যাতে একটি ডিরেক্সান পায়। একটু আশান্বিত হয়–ইয়েস, আই কান ডু দাট। তবে এই প্রশ্নের এক কথায় ঊত্তর দেয়া কঠিন, তাই অনেক কথা আনতে হলো। একটি হোলিসটিক পিকচার এর জন্য।

মাঝে মাঝে আমি ভাবি, আমি কি? তখন কেন যেন মনে হয়, আমি মোটামুটি মানের একজন সমন্বয়সাধনকারী (reconcliator) এবং আলাপ আলোচনাকারী (negotiator). আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে কথা বলা, আলোচনা করা, মীমাংসা করতে চাই, আমাদের সামনে সবচেয়ে ভালো লক্ষ্যকে এবং ফলাফলকে সামনে রেখে। আমি কোন কিছু চাপিয়ে দেয়াকে পছন্দ করিনা এবং এর চেয়ে ভালোবাসি যে কোন ক্রিটিকাল মুহূর্তে সমস্যার বেষ্ট সমাধান কি তা বের করে নিতে।

বাংলাদেশের সামাজিক, পারিবারিক, এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে মেয়েদের জন্য এটা অসম্ভব এবং একটু আইডিয়ালিষ্কিটিক কিন্তু দুর্লভ নয়। এমন অনেকেই আছে যারা অনেক কম কালচারাল এবং পারিবারিক ক্যাপিটাল নিয়ে অনেক কিছু করেছে। আমার জীবনে আমার লক্ষ্যগুলো ছিলো স্থির বা বলতে পারি ক্রমান্বয়ে সাজানো। এটা নয় যে, আমি যখন টীনএজার ছিলাম, লিখে রেখেছিলাম কি হবো কি করবো ইত্যাদি । কিছু সপ্ন, কিছু ইচ্ছা, কিছু ভিন্ন কিছু করা যা আমার পরিবাররের মেয়েরা করেনি মনের ভেতর আসতো। আমি ভাবতাম, কি করে তাদের পূর্ণতা দেয়া যায়। কখনো কখোনো চারপাশের অবস্থা দেখে এমন কঠিন লাগতো, আমি মন খারাপ করতাম, হতাশ হতাম। তবুও ভাবতাম, আমি পারবো। আবার কখনো ভাবতাম, আচ্ছা, নাই ই পারলাম, জীবন না হয় হলোই অন্যরকম, যেমন আমি চাইনা। হয়ত সেটাই ভালো। আমি তো জানিনা!

কিন্তু হাল ছাড়তাম না। একটি মজার, দুঃখের এবং হতাশার বিষয় হলো, বিয়ের ব্যাপারটা। আমি বিয়েকে আমার জীবনের একটি turning point মনে করতাম। মনে করা ছাড়া উপায় ছিলোনা। ছিলো কি? এটি বাঙালি মেয়েদের একটি সাধারণ ব্যাপার। বড় মেয়ে, বিয়ে করাটা পারিবারিক আর সামাজিক একটা রীতি এবং দায়িত্ব ! না চাইলেও বিয়ে করতে হতো। তাই বিয়ে করবো না–একথা বলার আমার সুযোগ ছিলো না, আমার কিছু বন্ধুদের মত, যারা বিয়ে করতে চায়নি এবং করেনি। বিয়ের করতে চেয়েছে, হয়নি, এরা এই দলে না।

যাই হোক, বিয়ের জন্য আমার মনে একটা ধারনা এবং একটা ঝাপসা ম্যাপ ছিলো। ব্যাপারটা এরকম, ইস যদি এমন হতো! জীবন সঙ্গির অনেক এসেঞ্চিয়াল ফিচার এর মাঝে একটি অতি গুরুত্বপূর্ণ ছিলো আমার কাছে, টাকা নয়, পয়সা নয়, বাড়ি নয়, জমি নয়। সেটা হলো আমাকে পড়াশোনা করার সুযোগ দেবে এমন একজন। এটা শুধু এটা না যে, যাও পরো টাইপ। এটা হলো সবরকমের সহযোগিতা। জীবনযাপনের অনেক অনেক কাজের মাঝে আমার প্রয়োজনকে প্রাধান্য দেয়া। আমার “আমি” তাকে স্পেস দেয়া । বিয়ের সময়, একটা কথা খুব শুনতাম, “ভালো বর ভালো ঘর” । যারা এই ক্রাইটেরিয়াকে সামনে এনে আমার কাছে বিয়ের কথা বলতো, আমি দেখতে পেতাম এই কথাটার মানে কি গলদপূর্ন। এক ছেলের যদি চরিত্রে সমস্যা থাকে এবং এটা যদি একশত ভাগ সত্য হয়, তবু দেখলাম তাকে ভালো বরের কাতারে সামিল করা হচ্ছে। তাদের আমি প্রশ্ন করতাম, এ কেমনে ভালো বর হয়, অনেকে থতমত খেতো এবং অনেকে আমাকে নিয়ে খুব বিরক্ত হতো। কেউ কেউ এটাও বলতো, আমি অহংকারী।

যাইহোক, ভালো বরের কাতারে আমি তাদের ফেলতাম যাদের ভালো চরিত্র আছে, ভালো মন আছে এবং যারা ভালো মুসলিম হবার নিয়ত রাখে, তার জন্য সাধনা করে। জানিনা, কে কতটুকু ভালো। শুধু জানি, এই পর্যন্ত এরকমই পেয়েছি তাকে। আল্লাহু আলম। ফিরে যাই সেই কথায়, এমন একজন চেয়েছি যে আমাকে পড়তে দেবে এবং চাকরি করতে দেবে। এবং এটা পেলে, সেজন্য যে কোনো ধরনের প্লানিং এবং মানাজমেন্ট এর জন্য প্রস্তুত ছিলাম।

আমি খুব পরিশ্রমী ছিলাম। বলতে দ্বিধা নেই আজ। একটা কাজের পর একটি কাজ আর তার উপর আমার নিজের কাজ সব মিলিয়ে কাজ: আমার দিন গুলো এভাবে ছক বাঁধা ছিলো। কোন কাজ দেখে আমি ভয় পাইনি। কাজ করেছি। নিজের সমস্যা হলে বিরক্ত হয়েছি। মন খারাপ করেছি। কিন্তু চেয়েছি, অন্যের যদি আমাকে দিয়ে উপকার হয় আর আমার যদি শারীরিক, মানসিক আর আর্থিক সামরথে কুলোয়, আমি আছি। কথা, কাজ, পরামর্শ যেম্নে পারি, সাহায্য করে যাবো। শাড়ী চুড়ি গহনা মার্কেট কেনা কাটা অযথা ঘুরাঘুরি আমি খুব কমি করেছি। এসব আমার জায়গা না। আমার জন্য না। আমার কাজের ক্ষতি হয়, আমি লক্ষ্যচুত হই, এরকম কিছু আসলেই তাকে ডিলেট করে দিতে চেয়েছি।

আমি বলবো না, আমি সবক্ষেত্রে তা পেরেছি। কখনো কখনো অনুরোধে ঢেকির জায়গায় আমি জাহাজও গিলে ফেলি। সাধ্যে যা কুলায় তার চেয়ে বেশী করতে হয়েছে। পরিবার, মা, বোন, ননদ, দেবর, এবং স্বামী সবার সাহায্য চেয়েছি। সবাই সাহায্য করেছে সেটা সংসারের কাজ হোক বা বড় পরিবারের বা আমার পড়াশোনা কিংবা অফিস সংক্রান্ত। কখনো বলেনি, তোমারে কে কইছে পড়তে, কে কইছে চাকরি করতে, কে কইছে বাচ্ছা নিতে ইত্যাদি । আমার চারপাশে বেশীর ভাগ বউরা এগুলো শুনে। তাদের কাজের কোন recognition নেই। তাদের কাজের কোন দাম নেই। কিনতু আলহামদুলিল্লাহ, আমার সব কাজের দাম সবার কাছে ছিলো, দাম পেয়েছি।

এর একটি কি এই যে, আমার সংসার, পরিবার, আর আশপাশের মানুষের জন্য কিছু কাজ করার দুর্দান্ত আগ্রহ আর ইচ্ছা। “আমার একলা ঘরের আগল ভেঙ্গে বিশাল ভবে, প্রানের রথে বাহির হতে পারব কবে?” কি সুন্দর লাইনগুলো বাজত শুধু মনের কোণে । এই আমি কেন যেন খুব ঘর পাগল, ট্রাডিশানাল বাঙ্গালী নারীদের মত, একটি সুন্দর ঘরের জন্য সবসময় আকুল। যা ছিল, ছোট বড়, এটা মুছতাম, এটা গুছাতাম, এটা সরিয়ে এখানে, ওটা সরিয়ে ওখানে । To make change, to increase beauty, to polish. আমি অনেক নারী দেখি, যাদের ঘর খুব ময়লা, অগোছালো, আর তাদের নানা ধরনের কারন বলে এর পক্ষে। আমি জানিনা। শুধু জানি, আমি তাদের মতো না। আমি পারি না। আমি এরকম। আমাকে এরকম দেখে কেউ যে বিরক্ত হয়নি তা না, এব্যাপারে আমার ব্যাপার ছিলো, আমি করবো, পারলে সাহায্য করুক কেঊ। না পারলে থাক। পরে পরে দেখি, আমাদের ঘর সুন্দর লাগার জন্য আমরা সবাই এক পায়ে খাঁড়া । এজন্য কভিড-১৯ এর সময় অনেকের মতো ঘরে আটকা পড়ে আমি বিরক্ত হইনি। আমার ভালো লেগেছে হঠাত থেমে যাওয়া !

আমি দীর্ঘ দশ বছর বিশাল ফ্যামিলির জন্য রান্না করেছি। মিড-বিশে বিয়ে হয়, কিন্তু রাঁধতে জানতাম না। একটু কিছু নাস্তা বানানো ছাড়া। আমার রান্নার টিচার হলো, আমার মা, আমার ননদ, আর আমার ফুফু শাশুড়িরা। একটু একটু করে শিখেছি। বিরক্ত হইনি। আমি রাঁধতাম ফজরের পর। দিনে একবার, বেশী করে। যাতে আর রান্না ঘরে যেতে না হয়। আমার helping hand দের আমি আমার বাসা থেকে বের হবার পর আর রান্না ঘরে যেতে দিতে চাইতাম না, যখন ওরা ছোট ছিল এবং পরে আমার বাচ্চারা ছোট ছিল। আমার কাজ দেখে আমার ঘরের মেয়েরা কখনো বসে থাকেনি। তারা আমার সাথে সারা বছর কাজ করেছে যে যতটুকু পেরেছে, কখনো কেউ কারো দোষ ধরিনি, কারো উপর কিছু ছাপিয়ে দিইনি। এমন কিছু করিনি যেন আমার/ওদের পড়াশোনার ক্ষতি হয়। আজ কেউ কেউ ( যে আমার জীবন দেখেনি / আমার সাথে বাস করেনি) যখন বলে, আমাকে নাকি এমনি এমনি আমার শ্বশুরবাড়ির মানুষ (?) সহযোগিতা করে উপরে তুলে দিয়েছে, তখন বুঝিনা হাসবো না কাঁদবো । নিজের অপারগতা আর ব্যর্থতা ঢাকতে অন্যের ব্যাপারে অনায্য কথা বলা কি ঠিক?

রান্না আমাদের জীবনের অংশ। কিন্তু এটা জীবন না। রান্নাঘরে সময় কাটাতে চাইলে সারাদিন দেয়া যায়। কিন্তু রান্নাকে জীবনের মূলমন্ত্র মূলভিত্তি মূলবিন্দু হতে সরাতে হবে। আমি মহিয়শী নারীদের কাছ থেকে এটা শিখেছি। আমি তাই করেছি। রান্না করি নিয়মিত এবং পরিমিত। রান্না করি সুযোগ পেলে অনেক বেশী। এটা সেটা বানাই। মনের মাধুরী মিশিয়ে। কিন্তু, রান্নাঘর আর ঘরের কাজে সারাদিন দেই না। কয়েক ঘন্টা উইকডেতে আর তার চেয়ে বেশী উইক এন্ডে। রান্নাঘর শুধু আমার জীবন নয়। আমার প্রফেসান আমার কাছে যা আমার ঘরের মতো সমান দরকারী। তাকে গড়তে আমার প্রচুর সময় দিতে হয়েছে এবং এখনও হয়। আমি তাকে ছাড়া incomplete, selfless, and non-agentive. তাই আমি প্রানপনে তাদের মঝে negotiate করি। একটার জন্য অন্যটাকে ফেলে দিইনা, অবহেলা করিনা। আমি রান্না না করলে খাবো কি? না খেলে কাজ করবো কি করে? একটি মনের মতো ঘর না থাকলে থাকবো কোথায়? কোথায় ফিরবো কাজ শেষে ? ঘর তো আমার কাছে একটা স্টাকচার না, এটা নিলয়, এটা মায়া-মমতার কোল, একটি নীড়। আমার চাকরী তো শুধু চাকরি না, এটা আমার আবেগ, আমার পরিচয়, আমার অস্তিত্ব । তাহলে? কেন আমি এদের মাঝে বিরোধ রাখবো?

তাই আমি বলি, থিঙ্ক বিফোর ইয়উ লিপ। ঝট করে ভেবোনা আমি কারিয়ারে যাবো, ঝট করে ভেবো না, আমি শুধু গৃহিণী হবো। সব কিছুর কিছু গুড অ্যান্ড ব্যড সাইড আছে। আছে দুর্দান্ত সংগ্রাম । আর আছে আর্থিক প্রশ্ন, আছে অনিশ্চয়তা, আছে উদ্বেগ আর দুশ্চিন্তা।

আমি দেখেছি, আমার যে বান্ধবীটা শুধু গৃহিণী হতে চেয়েছিল, সে বিয়ে করতে পারেনি বা বিয়ে করেছে, মা-ই হতে পারেনি। যে কখনো চাকরি করতে চায়নি, সে চাকরি করছে। যে যে চাকরি করতে চেয়েছে, তা পারেনি। হতে চেয়েছে ডাক্তার, হয়েছে কেমিস্ট। হতে চেয়েছে ছেলের মা, হয়েছে, মেয়ের মা। চেয়েছে বাড়ী-গাড়ী, পেয়েছে খুব সাধারন জীবন। চেয়েছে দেশী জামাই, পেয়েছে প্রবাসী চাকুরীজীবী।

So, Life is not rosy and romantic. Life is a test and highly unpredictable. We need to equip ourselves to face the unknown and unexpected and be bold and strong to pass the test. And to pass the test, we need to decide how and for what. We need to make every effort throughout our life to make wrongs right with love and care, not showing negligence, anger and selfishness. If the wrongs does not set right, we need to have to courage to delete and leave that. We need to decide what we want as a woman: a home or career? or both? If both, we need to think how to balance them in innovative and individual ways. We need to think the strategies and paths, depending on the situation and gain the capacity to negotiate and reconcile in various problems to achieve the best, the highest good. When a person works like this and with integrity, Allah never ruins her efforts and works.

আমার জীবনের প্রতিটি কাজ যততুকু করেছি আলহামদুলিল্লাহ বরকতময়। আল্লাহ সবকাজে আভাবনীয় বরকত দিয়েছেন। মানুষের পাশে দাঁড়ালে মানুষকে ভালবাসলে আল্লাহ বরকত দেন, এটা আমি সবসময় বিশ্বাস করি। তবে একটি জিনিস আমি অনুতাপ করি, তা হল, আমার জীবনে “self-care” বলে কোন শব্দ ছিলোনা। কেউ বলেনি, Take care of your health, when you are simultaneously pursuing a goal and caring a (big) family. যে জন্য আমি অনেক বেশী সিক হয়েছি। কিন্তু তাই বলে, আমি থামিনি। আবার কাজ করেছি, ভুল্গুলো শুধরে নিয়েছি এই সেলফকেয়ার বিষয়টি অবশেষে আমি শিখেছি প্রবাস জীবনে এসে। যখন “Motherhood” এর উপর একটি কোর্স করেছিলাম। শিখেছি, “You cannot serve from an empty vessel” (Eleanor Brown). সংসারের যত্ন নিতে হলে প্রথম মায়ের যত্ন নিতে হবে। কজন জানে এ কথা, কজন মানে?

তাই আমার প্রস্তাবনা হচ্ছেঃ জীবনের সঠিক দিক ঠিক করা। সঠিক সিদ্ধান্ত নেয়া। সবসময় নিজের কাজে ফোকাস থাকা। সমস্যার সময় কথা বলা, ,আলাপ আলোচনা করা এবং বেষ্ট পথ বেচে নেয়া। সবসময় প্লানিং এবং ম্যানেজমেন্টের মাঝে থাকা। কাজ এবং ঘরের মাঝে ব্যালেন্স করার চেষ্টা করা । এর জন্য সম্ভাব্য সকলের সহযোগিতা চাওয়া এবং নেয়া। এবং কখনো যদি মনে হয়, আর পারছিনা, থেমে যাওয়া যেখানেই আছি। আর সবার উপরে, নিজের মন এবং শরীরের যত্ন পর্যাপ্ত নেয়া। কারন, আর এসব কাজকে যে জিনিসটি ঘিরে রাখবে তা হলও সবসময় দুয়া করা। দুয়া ইবাদাত।

“আমার গল্প ফুরালো, নটে গাছটি মুড়ালো”।

উম্মে সালমা, টুওং, ১৪/০৫/২০২৩

Photo by syd.oztr on Pexels.com

Salma's Poems

মেয়েদের গল্প না কান্না!

এই নাও এইখানে দিই খুলে দিই 
এই দেখ আর নেই বন্ধ দুয়ার
তুমি আমি বহু কথা আজ বলবোই
ফুলে ফুলে উঠবে দেখো কথার জোয়ার।

এর পর হলো কি...এরপর এই...
শব্দরা থেমে যায়! গলা ঠিক করি
যত পারি স্হির হাত দুটো নাড়ি
সোজা হয়ে রিজু হয়ে একটুকু বসি 
যা কিছু করি আমি ঠিক ভেসে যাই !

এই ই হয়...
আমাদের গল্পে এত ব্যাথার বিনয়!

ঠিক ঠিক কান্নারা এসে যায় ঝেপে
যত ই বলনা তুমি কথাকলি মেপে
গলাটা কেঁপে যায় ঠোঁট দুটো বেঁকে 
চাহনিতে উদাসীন মেঘমালা ডেকে

কিছু মুখ আছে চেয়ে 
বুক কাঁপে সেই ভয়ে
কি করে গল্প বলি কষ্ট দিনের? 
নির্ভয়ে ঠোঁট খুলে
সত্যের ভাঁজ মেলে 
ইতিহাস হয়ে থাকা নষ্ট দিনের? 

মূল থেকে উপড়ে গিয়ে নতুন বাঁধনে 
কি চেয়েছি কি পেয়েছি হিসেব শ্রবনে
কি হবে? হবে টা কি?
নিজেকে যখন দেখি 
আয়নায় চোখ রাখি:
ভাবনার আগুন চাপা জ্বালাময়ী মন
অশ্রুর সাগরে ডোবা এক বিভীষণ।

বলতে হয়না ছি...কি লজ্জা
গল্প করবে? 
বিষয় থাকবে শুধু সাজ সজ্জা!

উম্মে সালমা
৪/৫/২০২৩

Salma's Poems

কখনো কখনো ভালোবাসা

কখনো কখনো জড়িয়ে রাখা যায়
কখনো বলা যায় ভালোবাসি ভালোবাসি
কখনো কখনো কায় ক্লেশ গুলো ভুলে 
দিয়ে ফেলা যায় 
চোখ...না,না, গালভরা এক হাসি

কখনো কখনো ভুলে যাওয়া যায় কি নেই
কি পাইনি হায় সংসারী হতে গিয়ে 
কখনো কখনো ভুলে যাওয়া যায় কি গেছে
জীবন জীবিকার চাকা ঘুরিয়ে ঘুরিয়ে । 

এই না?

একটুকু জীবন...টুক করে হয় শেষ
একটুকু জীবন ঘায়ে জমে কত পুঁজ
একটুকু জীবন! বঞ্চিতের আহাজারি
হাতিয়ে নেয়া অধিকারের অতিভূজ 

জানি আমি জানি
যেমন জানো তুমি...

তবুও 

কখনো না চেয়ে বসন্ত এসে গেলে
প্রেমের কবিতা লিখে দিয়ো একখান
ক্ষমা করো দিয়ো না-দেয়ার অপরাধ
রাগে মিশিয়ো প্রেমময় জাফরান । 

চারদিকে দেখ যুদ্ধ যুদ্ধ যুদ্ধ
চারদিকে,মানুষ:ক্ষুদ্ধ বিক্ষুব্ধ

এর মাঝে যদি মায়াময় ক্ষন আসে
চেখে দেখো তাকে জেনে নিয়ো তার স্বাদ
সে ক্ষণকাল হৃদয় ভরিয়ে দেবে
ভয় লাগে? বিশ্বাস নেই?? যদি হয় এক ফাঁদ?

আমার জানো না কি ভীষণ ক্লান্ত লাগে
যুদ্ধ যুদ্ধ খেলা দেখে দেখে আজ
সব কিছু নিয়ে এত বেশি টানাটানি
আঘাতের হাতে এত এত কারুকাজ।

এরি মাঝে যদি একদিন ভোর হয় 
একদিন আসে সোনামুখী এক চাঁদ,  
প্রতিদিনের রাগ একটানে মুছে দিয়ে
বেজার মুখে ছড়ালে আহ্লাদ? 

খুব কি ক্ষতি হয়?

বসে বসে তুমি ভাবছো এখন জানি
কেমনে হবে এত এত রাগ পানি ?
এত এত কথা ফুটেছে বুকের চুলায়
কি কঠিন রে,বাবা,মিশিয়ে দেয়া ধুলায়!

কি কঠিন বাব্বা ওর সাথে হাসাহাসি
যার সাথে বাস, যার সাথে ঘর 
আর সেখানেই? অভিযোগ রাশিরাশি।


০৫/০৫/২০২৩
টুওং