সময় যত এগুচ্ছে
ততই আমরা প্রেম ধুইতে বসেছি
ভুলতে বসেছি প্রেমের গতিময়তা
আমরা ছাড়তে বসেছি অকারণ হাসি আচানক খুনসুটি হটাত ভেংচি নির্ভেজালের খোলস
এই আমার সবসময় ছলছল কল কল
আম্মার বকা শোনা দাঁত কেলানোর জন্য
বন্ধুদের কাছে পৃথিবীর সবচে সুখী মানুষ বলে ট্যাগ খাওয়া
এই যে তোমার বন্ধুদের সাথে প্রাণোচ্ছল আড্ডায় মেতে ওঠা
যখন তখন বাসা ছেড়ে বেরিয়ে পড়া
ফোনে কথার বন্যা বইয়ে দেয়া
সেই আমরা এখন সহজে হাসতে পারি না
একটি আঠালো গম্ভীরতা
একটা দুরাচার খ্যাচ খ্যাচ
আমাদের ঠোঁট দুটো লাগিয়ে দিয়েছে
আমাদের জীবনে
সকাল হয় সকালের মতোই
রাত হয় রাত হয়েছে যাই শুয়ে পড়ি এইভাবে
একটি মিষ্টি দিন মিছিলের মতো এসে হামলে পড়বে আমার আঙিনায়
এইসব ভূতভবিষ্যৎ ভেবে যখনি চোখ লেগে আসে
দুঃস্বপ্নের পেটের ভেতর আছড়ে পড়ি
কাঁদতে কাঁদতে জেগে উঠি
জেগে উঠে কাঁদতে থাকি
ঘরে কাঁদি বাইরে কাঁদি
তিথির নীল তোয়ালের মতো
ছোট একটি রুমাল চোখ চেপে
কাঁদতে থাকি মোনাজাতে সিজদায়
আমাদের প্রেমালাপ হবে কেন?
অনূভুতির আগুনে পুড়তে পুড়তে
যখন আমি অগ্নুৎপাতে পতিত
তখন সিসিম অফ
রাতদিনের পালাক্রমে
আমাদের প্রেমালাপ হবে কেন?
সংসারের ঘানিতে ব্যথিত কোমর ভারী মাথা জড়সড় পা এইসব নিয়ে কে কবে
ভালোবাসার কথা বলতে পেরেছে?
আমাদের প্রেম দখল করে নিয়েছে
ক্যালকুলেশন ম্যানেজমেন্ট
ক্যালকুলেশন ম্যানেজমেন্ট
ক্যালকুলেশন ম্যানেজমেন্ট
আর এই অমোঘ ঘূর্ণি আমাদের টেনে যায়
তিক্ততার এক অচেনা স্রোতে
সেখানে
কথা আছে
আলাপ আছে
আপডেট আছে
আছে বাস্তবতার ঘন তুষার
যা ঢেকে দিয়েছে প্রেমের বৃক্ষ
আমি ক্লান্ত প্রাণ এক
জীবনের চারিদিকে সমুদ্র তুষার-সফেন
আমার নেই শান্তি স্বস্তি প্রশান্তি
যা কিছু মিষ্টি গোলাব জামেন
কেউ বলে না প্রেমহীন পথ চলা?
প্লীজ একটু…একটু থামেন
না পাওয়ার চোর কাঁটা না ছেনে
জোর কদমে কদমে একটু হাঁটেন…
রক্ত ঝরে যাক ছিলে যাক চামড়া
আপনি জীবন্ত প্রাণ এক….
এই যে মায়ার পিঁড়ি ওতে একটু বসেন ।
উম্মে সালমা, ২৪/০২/২০২৬, টুঅং
