Poems

দুঃখ থেকে অসন্তুষ্টি!

আমার দুঃখগুলো যদি এক সিলান্ডার বায়বীয় পদার্থ হতো 
রিদয়ের দরজা জানালা গুলো খুলে সিলিন্ডারের মুখটা সরিয়ে দিতাম
বাতাসের সাথে মিশে একটু একটু করে
ওরা অবলীলায় হারিয়ে যেত।

আমার দুঃখগুলো যদি হত ডিমের খোসার মতো ঠুনকো এবং উপকারী 
প্রতিদিন তাদের ভেঙে গুড়িয়ে দিয়ে তোমার টবের মাটিতে মিশিয়ে দিতাম
সার হয়ে তারা মেক্সিকান মরিচ গাছগুলোকে তরতাজা করে রাখতো। 

অথচ ওরা হয়ে উঠলো কনক্রিট পাথর
বিন্দু হতে জমতে জমতে একটি দ্বীপ থেকে একটি মহাদেশ হয়ে উঠার মত ক্ষমতাবান। 
না আমি না তুমি কেউই তাকে নাড়াতে সরাতে ভাঙতে ডুবাতে পারেনা। 
ওরা জীবনের টগবগে সময়গুলোকে মৃত উটের মতো কবরে নামিয়ে ফেলে। 
ভালো থাকার সহজ সূত্র এই একটা ঘর একটা মানুষ কয়েকটি কচিকাঁচা 
এক মুঠো অন্ন কে তারা তুচ্ছ করে 
যা নেই তার জন্য হাপিত্যেশ করে। 

আধুনিক দুঃখগুলো এরকম। 
গন্তব্যের চেয়ে স্টেশন এদের প্রিয়। 
এরা ভাবে পরের স্টেশনে পৌছুলেই হলো
কিন্তু পরের স্টেশনে গিয়ে তার পরের স্টেশনের জন্য 
প্লাটফর্মে দাঁড়িয়ে থাকে
আর ঘামতে থাকে দীর্ঘশ্বাসের জ্বরে।

হে ব্যক্তিক সত্তা হে অশান্ত প্রাণময়
তুমি এ দুঃখের হাত হতে রক্ষা চাও
হে প্রেমের সম্পর্ক হে দুস্হ দুঃস্বপ্ন
তুমি খোঁজ কর একটি সময়ের 
যখন ভালোবাসার একটি আয়াত
অনুরণিত করবে বিদগ্ধ নফস:
আর মুক্ত করবে অসন্তুষ্টি থেকে।

সিজদায় মোনাজাতে, Poems

তাঁর জন্য অনুরণন

Continue reading “তাঁর জন্য অনুরণন” →
Poems

দি গ্যাপ

চোখের ভেতর দুঃখের জমি
শরীর ছলছল
শতেক নদী বদ্বীপ চুষে
নামছে অনর্গল।

তুমি চেয়ে চেয়ে আছো
বলেই কেবল যাচ্ছো
আমাদের কথা
দুখের জমি কেন নেবে না
এসব প্রাসঙ্গিকতা।

হাতের মাঝে ব্যাথার ছাপ
কাঁধ যে টলমল
হাজার বোঝা শক্তি খেয়ে
বাঁচছে অবিরল।

তুমি বলে বলে যাচ্ছো
যতটুকু পারছো
জীবনের কথা
যার বোঝা সে-ই নেবে
এমন বাস্তবতা।

১৮/১০/২০২২

Poems

একটি রাগান্বিত মেসেজ

৩১/১০/২০২২

গতকাল সারাদিন ঝরঝর করে বৃষ্টি পড়লো
রাস্তাগুলো দারুণ ভাবে ভিজে গেল
জাকারান্ডার বেগুনি রশ্মি আকাশ আর মাটিতে মাখামাখি হয়ে গেল। 
তুমি দরজা বন্ধ করে বসে ছিলে
মোবাইলে ইমেইল চেক করলে
ফেসবুকে কয়েক পাক ঘুরলে
একবার উঠে কি কাপড় গুছিয়ে ছিলে? 
কি জানি হাঁটার শব্দ পেলাম মনে হলো
ক্লান্তিকর পদক্ষেপ
একটু কি কেঁদেছিলেও
একবার বেসিনের আওয়াজ পেলাম মনে হয়:
একটা ঝর্ণার জল বৃষ্টির শব্দে মিশে যাচ্ছে।

এইসব সুন্দর দিনে তাকে পেলেনা বলে
হৃদয়ে তোমার জমা হয়ে গেল যে শতাব্দীর উষ্ণতা
সে কখনো বাস্প হয়ে মেঘ হবেনা
এরকম হাজারটা বৃষ্টি হয়ে নেমেও আসবেনা:
ছোট্ট একটা এসএমএস সেই রাগ 
আমার কাছে পৌঁছে দিল। 

উম্মে সালমা
৩১/১০/২০২২