সিজদায় মোনাজাতে, Poems

“অপার্থিব”

আমি জানি না
আমি কে?
তাই নিরন্তর খুঁজতে থাকি

আমি জানি না
আমি কি
তাই নিরন্তর খুঁজতে থাকি

আমি জানি না
আমি কোথা হতে এসেছি
তাই নিরন্তর খুঁজতে থাকি

কি খুঁজতে থাকি?

কিছু হাত
সহমর্মী কাঁধ
পূর্ণ মনোযোগ

ভালোবাসা
মায়া
মমতা
আনন্দ
প্রেরণা
প্রেম
মানুষের কাছে
প্রিয় মানুষদের কাছে

কিন্তু
মানুষতো…
মানুষতো মানুষের মতো করে ভালোবাসে
রাগ
ক্ষোভ
অভিমান
অভিযোগ
ঘৃণা
প্রবঞ্চনা
প্রতিশোধ
জিঘাংসা
দুধের ভিতরে কালো ময়লার মতো সাঁতরাতে থাকে

মানুষতো মানুষের মতো করে ভালোবাসে
এ ওকে ও ওকে স্মরণ করিয়ে দিতে দিতে
কে কার চেয়ে বেশি দিয়েছে
কিংবা পেতে হলে দিতে হয়
কিংবা দিবো যদি দাও

নিঃস্বার্থের অসীম আকাশ ছোট হয়ে আসে
রহমতের অবারিত হৃদয় সংকীর্ণ হয়ে ওঠে
ভ্রাতৃত্বের আদি নিবাস নড়বড়ে হয়ে যায়
শংকার মতো যন্ত্রণা ঝরিয়ে দেয় শান্ত শীতলতা যেমন শীত এলে পাতা ঝরে
হিমাংকের নীচে গিয়ে তাপমাত্রা মাইনাস হয়

ঠিক এই সময়
ঠিক সেই সময়ে
কোথাও উষ্ণতা নেই
কোথাও উষ্ণতা থাকে না
কাবার মালিকর আশ্রয় ছাড়া
যিনি ডেকে ডেকে বলেন,
আমি আছি
তোমার প্রভু
কন্ঠনালীর চেয়েও অনেক নিকটে
সেই উটহারা বেদুইনের চেয়েও অধিক খুশিতে যখন তুমি আমাকে খুঁজে পাও কালবের ভেতর।

উম্মে সালমা, টুঅং, ২১/০৭/২০২৬

Leave a comment