মানবিক সম্পর্কের কবিতা, Poems

Shaeri 2


With a broken heart
I love you
With the hope that
Light will fall
through every cracks.
Isn’t every window a crack to a four-walled space we call home?

শায়েরী ২.

ভাঙা মন নিয়ে
আমি তোমাকে ভালোবাসি
এই আশায় যে
প্রতিটি ফাটল দিয়ে আলো আসবে
চার দেয়াল গাঁথা বদ্ধ জায়গা যাকে আমরা ঘর বলি তার প্রতিটি জানালা ই
কি এক একটা ফাটল নয়?

Salma, 8/5/2026 See less

মানবিক সম্পর্কের কবিতা, Poems

কার জন্য অপেক্ষা?

আমি অপেক্ষা করি
দরজায় দাঁড়িয়ে থাকি
মনে হয় এইতো গাড়ির শব্দ হচ্ছে তুমি খুব শিগগিরই গাড়ি পার্ক করে নেমে পড়বে

আমি অপেক্ষা করি
দরজার কাছাকাছি থাকি
মনে হয় কে যেন এইমাত্র নাম ধরে ডাকলো
নামটা আমারি তো কন্ঠস্বর টাও তো তোমার

আমি অপেক্ষা করি
বারান্দায় গ্লাস খুলে রাস্তায় তাকিয়ে থাকি
মনে হয় এইতো এই গাড়িটা ই তো আমাদের
হেডলাইট অফ করে এখখুনি ঢুকে পড়বে গ্যারাজে

আমি অপেক্ষা করি
অপেক্ষা করতে করতে করতে করতে করতে
দরজা খুলে দেখি
দাঁড়িয়ে আছে মৃত্যু !

উম্মে সালমা টুঅং ০৪/০৭/২০২৬

মানবিক সম্পর্কের কবিতা, Poems

অপ্রেম দিনের রিমান্ডে

সময় যত এগুচ্ছে
ততই আমরা প্রেম ধুইতে বসেছি
ভুলতে বসেছি প্রেমের গতিময়তা
আমরা ছাড়তে বসেছি অকারণ হাসি আচানক খুনসুটি হটাত ভেংচি নির্ভেজালের খোলস
এই আমার সবসময় ছলছল কল কল
আম্মার বকা শোনা দাঁত কেলানোর জন্য
বন্ধুদের কাছে পৃথিবীর সবচে সুখী মানুষ বলে ট্যাগ খাওয়া
এই যে তোমার বন্ধুদের সাথে প্রাণোচ্ছল আড্ডায় মেতে ওঠা
যখন তখন বাসা ছেড়ে বেরিয়ে পড়া
ফোনে কথার বন্যা বইয়ে দেয়া
সেই আমরা এখন সহজে হাসতে পারি না
একটি আঠালো গম্ভীরতা
একটা দুরাচার খ্যাচ খ্যাচ
আমাদের ঠোঁট দুটো লাগিয়ে দিয়েছে

আমাদের জীবনে
সকাল হয় সকালের মতোই
রাত হয় রাত হয়েছে যাই শুয়ে পড়ি‌ এইভাবে
একটি মিষ্টি দিন মিছিলের মতো এসে হামলে পড়বে আমার আঙিনায়

এইসব ভূতভবিষ্যৎ ভেবে যখনি চোখ লেগে আসে
দুঃস্বপ্নের পেটের ভেতর আছড়ে পড়ি
কাঁদতে কাঁদতে জেগে উঠি
জেগে উঠে কাঁদতে থাকি
ঘরে কাঁদি বাইরে কাঁদি
তিথির নীল তোয়ালের মতো
ছোট একটি রুমাল চোখ চেপে
কাঁদতে থাকি মোনাজাতে সিজদায়

আমাদের প্রেমালাপ হবে কেন?
অনূভুতির আগুনে পুড়তে পুড়তে
যখন আমি অগ্নুৎপাতে পতিত
তখন সিসিম অফ
রাতদিনের পালাক্রমে

আমাদের প্রেমালাপ হবে কেন?
সংসারের ঘানিতে ব্যথিত কোমর ভারী মাথা জড়সড় পা এইসব নিয়ে কে কবে
ভালোবাসার কথা বলতে পেরেছে?
আমাদের প্রেম দখল করে নিয়েছে
ক্যালকুলেশন ম্যানেজমেন্ট
ক্যালকুলেশন ম্যানেজমেন্ট
ক্যালকুলেশন ম্যানেজমেন্ট
আর এই অমোঘ ঘূর্ণি আমাদের টেনে যায়
তিক্ততার এক অচেনা স্রোতে

সেখানে
কথা আছে
আলাপ আছে
আপডেট আছে
আছে বাস্তবতার ঘন তুষার
যা ঢেকে দিয়েছে প্রেমের বৃক্ষ

আমি ক্লান্ত প্রাণ এক
জীবনের চারিদিকে সমুদ্র তুষার-সফেন
আমার নেই শান্তি স্বস্তি প্রশান্তি
যা কিছু মিষ্টি গোলাব জামেন
কেউ বলে না প্রেমহীন পথ চলা?
প্লীজ একটু…একটু থামেন
না পাওয়ার চোর কাঁটা না ছেনে
জোর কদমে কদমে একটু হাঁটেন…

রক্ত ঝরে যাক ছিলে যাক চামড়া

আপনি জীবন্ত প্রাণ এক….
এই যে মায়ার পিঁড়ি ওতে একটু বসেন ।

উম্মে সালমা, ২৪/০২/২০২৬, টুঅং

মানবিক সম্পর্কের কবিতা, Poems

যদি এই পেলিক্যান আমি হতাম!

যদি এই পেলিক্যান আমি হতাম!
চিন্তা নেই ভাবনা নেই
অস্থিরতা নেই
আকাশ সমুদ্রের মাঝে কোন এক
অপার্থিব ঢেউয়ের বিছানায় দুলে দুলে
একা একা সুখী

পৃথিবীর যাবতীয় কামড়াকামড়ি হতে দূরে
ভালোবাসা চুরির মহড়া মাড়িয়ে
স্বার্থের রাজনীতি খুব করে ভুলে
যদি এই পেলিক্যান পাখিটি আমি হতাম!

অমিয় চক্রবর্তীর তারা ছাওয়া রাতের শেষে
হালকা রোদের সকালে
তুমি দেখতে পেতে আমি আর নেই

টুঅং এর রাস্তা
পেরিঙ পার্কের মাদুর
কিংবা রোয়িং ক্লাবের বিজন ব্রিসবেনের তীর
যেখানে আমরা বুনেছি কত সুখ দুঃখ কষ্ট কান্না মান অপমানের রুমাল
সে সব চির চেনা পথ শূন্য খাঁ খাঁ

রুটি বেলার পিঁড়ি ডিম ভাজার ফ্রাই প্যান থালাবাটি ধোয়ার সবুজ ফোম
প্রিয় ডিজিটাল ঘড়ি সব পড়ে আছে

পড়ে আছে কুঁচকানো ভ্রু রাগান্বিত কন্ঠস্বর
হৃদয়ের টান বিশ্রী ভ্যাপসা মেসেজ
হাতে হাত খুনসুটি সম্পর্কের বিষন্নতা

সব ছেড়ে
আমি দুলছি
এক মিষ্টি পেলিক্যান হয়ে
ওয়েলিংটনের ঘোলা জলে
মৃদু মন্দ হাওয়ায় হাওয়ায়।

উম্মে সালমা
২৫/১/২০২৫

মানবিক সম্পর্কের কবিতা, Poems

একটি রোদ শিশু এবং একজন মায়ের মন

ঝকঝকে তকতকে সকাল
মিষ্টি শীতার্ত রোদ
বিছানার পাশে
ছোট্ট শিশুর মতো গড়াগড়ি খেয়ে বলে, ওঠো।
আমি মমতাময়ী মায়ের মতো
রোদ শিশুকে জড়িয়ে ধরি
তার কুয়াশাময় মিষ্টি সুবাসে
হলুদ কোমল শরীরের উষ্ণতায়
নাক ডুবিয়ে হাসতে হাসতে
হঠাৎ ফিরে যাই
মেয়েরা যখন শিশু ছিলো তে…

আহা!
বয়স বাড়ছে
আর সেই সাথে মাতৃত্বের স্বাদ গভীর হচ্ছে
কেন?
বয়স বাড়ছে
আর সেই সাথে মাতৃত্বের টান থিতু হচ্ছে
কেন?

ঝকঝকে তকতকে সকালকে প্রশ্ন করতেই
রোদ শিশু
এলোমেলো আরেকদফা আদর দিয়ে
আমার খাট হতে নেমে গেল

তাকে যে পুরো দুনিয়া চরতে হবে!
—-×—
উম্মে সালমা, টুঅং, May 13

মানবিক সম্পর্কের কবিতা, Poems

ট্রাডিশনাল বিরহগাঁথা

আমার কেন এমন হয়
মনের ভেতর কল কল
তোমার কথা ভাবলে পরে
অঝর ধারায় চোখের জল?

কেন আমরা মন মানে না
কেন আমার কষ্ট হয়
তোমার কথা পড়লে মনে
সকাল রাত নষ্ট হয়?

আমি বলি বিদায় দেবো
ব্যথা কষ্ট স্মৃতির পাল
বলবো ঘরের দুয়ার বাঁধা
অভিমানে ফুলছে গাল

আমি ভাবি বলবো রেগে
আর রহিনা পথ চেয়ে
বেড়ীবাঁধে আটক নদী
আর যাবেনা স্রোত বেয়ে

তবু

কেন আমার এমন হয়
বুকের ভেতর কলকলাকল
তোমার কথা ভাবলে পরে
ভীষণ ধারায় চোখের জল?

উম্মে সালমা, টুঅং, ৪ নভেম্বর ২০২৫

মানবিক সম্পর্কের কবিতা, Poems

আমাকে ভুলে যাও মেঘ

আমাকে ভুলে যাও মেঘ
বেহিসেবি বৃষ্টি নাওয়া
গভীর আবেগ
আমাকে ভুলে যাও রোদ
জাকারান্ডা ঝরিয়ে নেয়া
রক্তাক্ত শোধ

আমি আছি বসে
একটি নক্ষত্র বুঝি পড়ে যায় খসে ।

উম্মে সালমা, টুঅং, ২০২৫ পনের অক্টোবর

মানবিক সম্পর্কের কবিতা, Poems

আমার ব্যর্থতা.

যতবার আমি দূরে যেতে চাই
যতবার বলি রোদ্দুর নেই
সূর্য মামাটা দিন এনে দিয়ে
তেছড়া এক আলো ফেলবেই

যতবার বলি সরে যেতে চাই
যতবার বলি মন ভালো নেই
মোবাইল স্ক্রিন জেগে উঠে গিয়ে
প্রিয় মুখখানা ফের দেখাবেই

শত্রুতা বুঝলে সব শত্রুতা

আমি কাঁদবো
তবু ও আকাশ
ঝলমলে চুল রোদে পাতবেই

তুমি গেছো দূরে
ঝকঝকে রোদ বিকেল বেলা
ঝরে পড়ে ঝরে পড়ে

তুমি গেছো দূরে
সবুজ-হলুদ দিন রাত মিশে
নীল হয়ে ঝরে পড়ে।

====x====

উম্মে সালমা, ৩ জুলাই ২০২৫, টুঅং।

মানবিক সম্পর্কের কবিতা, Poems

এ এক রহস্যময়তা!

জানিনা
কেন হাসি
কেন ই বা ভালোবাসি

লোকে বলে অসহায়
বন্দী
তাই করে করেই যায়
সন্ধি

সত্যি কি তাই ?

শুনি
ডানা থাকলে
পায়ের তলায় মাটি থাকলে
অর্থ অবলম্বন থাকলে
মর্যাদাবোধ থাকলে
পালাতে অবশ্যই।‌

কি জানি
জানিনা
ভেবে মরি
মানি না

বলি তবে কেন এত
আয়োজন
সঙী সঙ্গীত শিল্পায়ন কেন
প্রয়োজন

জীবনের?

একসময় তো একা ছিলাম
বেশ
একসময় তো শূন্যতা ছিল
অশেষ

একসময় খুঁজে বেড়াতাম
ভা-লো-বা-সা
জনপ্রিয় দিল্লীকা লাড্ডু
এবং বাতাসা

সেই যখন পেলাম তবে কেন
কাঁদি?
দুখের কঠোর কঠিন রিমান্ডে
বাঁধি?

সেই যখন পেলেই
কেন এত খোঁচাখুঁচি এত দুঃখ যন্ত্রণা
এত প্রত্যাখ্যান এত অপমান বেদনা?

উত্তর খুঁজতে খুঁজতে…

হাসি
রাগ করে বলি
এক আকাশ ভালোবাসি

আবার কখনো
কাঁদি
দাঁত খিচিয়ে বলি
আরে ধ্যাত!
তোরে কি আমি সাধি?

যে যার মতো থাকুক
বন্ধ করে রাখুক
দরজা যতো মনের
অবারিত প্রাণের

লোকে বলে ফুরিয়ে গেছে
আমিও সই
ভাগ অংকে অবশিষ্ট
খুঁজে রই

নিখোঁজ সুখ দোয়ায় মোনাজাতে
কেন যেন বারবার
ফেরত চাই।
===×===
উম্মে সালমা, টুঅং, ১১/০৯/২০২৫